পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আমাদের বাংলাদেশে নেতৃত্বের অভাব, নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি। এ বাংলাদেশ তো স্বাধীনতার পর আজকে এতোটা বছর পার হয়েছে এমন থাকার কথা ছিলো না।
শুক্রবার রাতে লক্ষ্মীপুর ক্লাব লিমিটেডের তিন যুগ পুর্তি উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লক্ষ্মীপুর শহরের পৌর সুপার মার্কেটে ক্লাবের হলরুমে এ সভার আয়োজন করা হয়।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আরো বলেন, প্রধানমন্ত্রীর আন্তরিকতার কোন অভাব নেই। তিনি চ্যালেঞ্জ নিয়েছেন। তাকে সহযোগিতা করা আমার, আপনার নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। ফর কান্ট্রি ফর পিপলস, ফর বাংলাদেশ। সুতরাং আমরা এখন সচেতন। কিভাবে সরকারকে সহযোগিতা করা যায়, তারেক রহমানকে সহযোগিতা করা যায় তা নিয়ে ভাবতে হবে। দেশের উন্নয়নের মাধ্যমে দেশের ভাবমূর্তি বৃদ্ধি করে একটি স্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে হবে।
লক্ষ্মীপুর ক্লাব লিমিটেডের সভাপতি মঈন উদ্দিন চৌধুরী কামরু'র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ননী গোপাল, বাফুফে'র সহ-সভাপতি মো. ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, ক্রীড়া সংগঠক আবদুর রব শামীম, লক্ষ্মীপুর ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জুয়েল প্রমুখ।