মাদক উদ্ধার অভিযানে গিয়ে ১০ লাখ টাকার বিনিময়ে প্রাইভেটকারসহ মাদকের বড় চালান ধামাচাপা দেওয়ার অভিযোগে লালমনিরহাটের হাতীবান্ধা থানার ৪ পুলিশ অফিসারকে প্রত্যাহার করা হয়েছে।
শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার।
তারা হলেন, উপ-পরিদর্শক (এসআই) তুহিন, এসআই রিমন মিয়া, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল হাকিম এবং এএসআই লুৎফর রহমান।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত ১৭ জুলাই দুপুরে বোর্ডের হাট বাজার এলাকায় এক চিহ্নিত মাদক কারবারির বাড়িতে অভিযান চালান ওই চার পুলিশ অফিসার। অভিযানে একটি সাদা প্রাইভেট কার, একটি মোটরসাইকেল ও বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়। তবে জব্দ করা আলামত থানায় না নিয়ে ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে নিয়ে যাওয়া হয়। সেখানে বৈঠক করে রফাদফা করে ১০ লাখ টাকায় মাদকের চালান ছেড়ে দেন পুলিশ অফিসাররা। পরে বৈঠকের স্থানের সিসিটিভি ফুটেজ থেকে বিষয়টি জানাজানি হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার জানান, ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় ৪ অফিসারকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।