জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সহিংসতা অব্যাহত রয়েছে। হামলার ঘটনায় চার জেলায় আহত হয়েছেন ১৩ জন। এর মধ্যে সাতক্ষীরার কালীগঞ্জে আট, ব্রাহ্মণবাড়িয়ায় দুই, কুমিল্লার বুড়িচংয়ে দুই ও শেরপুরে একজন রয়েছেন। ঠাকুরগাঁওয়ে চার কৃষকের বাড়িতে ও নোয়াখালীর হাতিয়ায় মার্কেটে আগুন দেওয়া হয়েছে। মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক হত্যার ঘটনায় মামলা হয়েছে। বোয়ালমারীতে সহিংসতায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেছেন ফরিদপুর-১ আসনে জামায়াতের নবনির্বাচিত সংসদ-সদস্য অধ্যাপক ড. মো. ইলিয়াস মোল্লা। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-
সাতক্ষীরা : অফিস দখল কেন্দ্র করে বিএনপির ধানের শীষের সমর্থকদের হামলা ও বেধড়ক পিটুনিতে স্বতন্ত্র প্রার্থীর অন্তত আটজন নারী-পুরুষ কর্মী, সমর্থক রক্তাক্ত জখম হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার রাত সাড়ে ৮টায় কালীগঞ্জ উপজেলার ফতেপুর ইউনিয়নের বাঁশতলা মোজাম মোড় এলাকায়।
প্রত্যক্ষদর্শী আবদুল ওহাব, রফিকুল ইসলাম, হামিদুল, হাসপাতালে আহত আব্দুস সাত্তার, শাহিনুরসহ একাধিক ব্যক্তি সাংবাদিকদের জানান, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আহতরা স্বতন্ত্র প্রার্থী ডা. শহিদুল আলমের ফুটবল প্রতীকে নির্বাচন করেন। বৃহস্পতিবার নির্বাচনে বিএনপি প্রার্থী কাজী আলাউদ্দিন ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে পরাজিত হন। এতে ক্ষিপ্ত হয়ে হামলার এ ঘটনা ঘটে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল হোসেন জানান, আহতদের পক্ষ থেকে রোববার সন্ধ্যায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে তালা উপজেলার কলিয়া বাজারে ইউনিয়ন যুবদলের ভাড়া নেওয়া আঞ্চলিক কার্যালয় দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় জামায়াত নেতার বিরুদ্ধে ইন্ধন দেওয়ার অভিযোগ করেছেন যুবদল নেতারা। রোববার ভোরে ইউনিয়ন যুবদলের সাইনবোর্ড নামিয়ে কার্যালয়ে তালা দেওয়া হয় বলে জানান তেঁতুলিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম সবুজ।
ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতে ইসলামীর নেতাদের বিরুদ্ধে বিএনপির এক নেতাসহ দুজনের ওপর হামলার অভিযোগ উঠেছে। রোববার দুপুর ১২টার দিকে সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের নদীর পার এলাকায় এ ঘটনা ঘটে। মজলিশপুর ইউনিয়ন জামায়াতের সহসভাপতি মো. আব্দুল্লাহ বলেন, নদীর পারে একটি ঘটনা ঘটেছে বলে শুনেছি। সদর থানার ওসি (তদন্ত) রতেক চন্দ্র দাস বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) : কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে নির্বাচন-পরবর্তী সহিংসতায় বুড়িচং উপজেলার দুই বিএনপি নেতা পৃথক হামলায় আহত হয়েছেন। খবর পেয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নেন এবং জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দেন। ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম মিজানুর রহমান হামলাকারীদের গ্রেফতার দাবি করেছেন।
মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের চর আব্দুল্লাহ গ্রামে নির্বাচন-পরবর্তী সহিংসতায় প্রতিপক্ষের হামলায় মো. জসিম নায়েব হত্যাকাণ্ডে মামলা নিয়েছে পুলিশ। শনিবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ সদর থানায় বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে মামলা করেন নিহত জসিম নায়েবের বাবা মো. মাফিক নায়েব। মামলার এজাহারে ঘটনার সঙ্গে জড়িত নাসির দেওয়ানকে প্রধান আসামি করে ২২ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়াও আরও ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
শেরপুর : শেরপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনি এজেন্টকে পথ আটকিয়ে মারধর ও মোটেরসাইকেল ভাঙচুর করে হাসপাতালে পাঠিয়েছেন জামায়াত কর্মীরা। শনিবার রাত ৯টার দিকে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের হেরুয়া-বালুরঘাটের নামাপাড়ায় এ ঘটনা ঘটে। আহত গিয়াস উদ্দিন রাসেল মিয়াকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথা, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় বিএনপির এমপি প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা প্রতিবাদ জানিয়ে দ্রুত এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানান।
ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানার বালিয়া ইউনিয়নে নির্বাচন-পরবর্তী সহিংসতার জেরে চারটি কৃষক পরিবারের খড়ের গাদায় অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার রাত ১২টার দিকে ইউনিয়নের সিংগিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে ভুক্তভোগী পরিবারগুলোর প্রায় এক লাখ ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
হাতিয়া (নোয়াখালী) : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিএনপি সমর্থকের মালিকানাধীন মার্কেটে অগ্নিকাণ্ড ঘটেছে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে মার্কেটের সাতটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। একই সঙ্গে পাশের একটি গ্যারেজে থাকা একটি মাইক্রোবাস ও দুটি সিএনজিচালিত অটোরিকশাও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার ভোররাতে উপজেলার মুলা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মালিক কালাম সর্দার, যিনি চরঈশ্বর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
ফরিদপুর : বোয়ালমারীতে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেন ফরিদপুর-১ আসনের জামায়াতে ইসলামীর নবনির্বাচিত এমপি অধ্যাপক ড. মো: ইলিয়াস মোল্লা। রোববার দুপুরে দলীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া ও পরমেশ্বরদী গ্রামের ক্ষতিগ্রস্ত বসতবাড়ি পরিদর্শনে যান তিনি। এ সময় ক্ষতিগ্রস্তদের সার্বিক খোঁজখবর নেন তিনি।
ভেদরগঞ্জ (শরীয়তপুর) : ভেদরগঞ্জ পৌরসভায় বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় টিটু আকন নামে ১ জন আহত হয়েছেন। খবর পেয়ে সেনাবাহিনী পৌরসভা যুবদলের সভাপতি এসকান্দার ছৈয়ালসহ দুজনকে আটক করেছে। এরপর আহতের ভাই দেলোয়ার সরদার বাদী হয়ে ৬ জনকে অভিযুক্ত করে একটি অভিযোগ করেন। রোববার দুপুরে ভেদরগঞ্জ উপজেলার উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।