Image description

ভারতীয় লেখক, অনুবাদক ও ইতিহাসবিদ রাখশান্দা জলিল প্রতি বছর গয়ায় অনুষ্ঠিত শিল্প ও সাহিত্য উৎসবে যোগ দেন। চলতি বছর গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সাহিত্য উৎসবেও যোগ দেন তিনি। উৎসবটিতে তিনি যতবার আসেন ততবারই মুগ্ধ হন; কারণ এটি প্রান্তিক জনগোষ্ঠীর কথা বলার এবং নিজেদের তুলে ধরার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করেছে।

রাখশান্দা জলিল বলেছেন, ‘সাম্প্রতিক অভিজ্ঞতা থেকে আমি নিজের পরিচয় তৈরির একটি জায়গা খুঁজে পেয়েছি। বর্তমান সময়ে আমাদের দেশের ওপর অন্যের শক্তি কালো মেঘের মতো ‍জুড়ে রয়েছে, যা নিয়ে আমার মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।’ উৎসবে এসেও সেসব বিষয় নিয়ে মন খুলে কথা বলতে বেশ অস্বস্তিবোধ করছিলেন তিনি। কিন্তু পরক্ষণেই তার মনে হয়েছে এই উৎসবই সেই ‘ভয়’ নিয়ে কথা বলার উপযুক্ত জায়গা। নিজের মনের কথা, অন্ধকার ভয়ের কথা এখানে না বললে আর কোথায় বলা যাবে? সেই ভাবনা থেকেই ভয় নিয়ে কথা বলতে শুরু করেন তিনি। রাখশান্দা বলেন, ‘আমি ভয় সম্পর্কে কথা বলতে চাই, যা আমাদের বাস্তব জীবনের সঙ্গে জড়িয়ে আছে, যে ভয় আমাদের অস্তিত্বকে ধীরে ধীরে বিলীনের দিকে নিয়ে যাচ্ছে। ভারতের মুসলমানরা যেসব বিষয়ে ভয় অনুভব করেন, তা নিয়ে কথা বলব। কারণ এই ভয় শুধু মুসলিমরাই অনুভব করেন তা নয়, একই ধরনের ভয় ভারতের অন্য সংখ্যালঘুদের মধ্যেও আছে, যাদের অবস্থান একেবারেই প্রান্তিক। এমনকি এটি সংখ্যাগরিষ্ঠদের অনেকের মধ্যেও ছড়িয়ে পড়েছে।’

রাখশান্দা বলেন, ‘আমি একটি ভয়াবহ ভয়ের কথা উল্লেখ করতে চাই, যা এখনো আমাকে চরমভাবে আতংকিত করে তোলে, দম বন্ধ করা পরিবেশ সৃষ্টি করে। বর্তমানে আমার শিক্ষাদীক্ষা, আমার দৈনন্দিন জীবনযাত্রা, সুযোগ-সুবিধা, উচ্চপদের বন্ধু-বান্ধব— এত কিছুর পরও আমি সেই ভীতিকর পরিস্থিতি থেকে বের হতে পারিনি। আমার এ ভয় গত কয়েক বছর ধরে প্রায় স্থায়ী একটি হতাশায় রূপ নিয়েছে, যা অনেকটা হালকা তাপমাত্রার জ্বরের মতো, যা দৈনন্দিন জীবনযাত্রাকে ব্যাহত না করলেও স্বস্তি দিচ্ছে না। এর উপস্থিতি সবসময় বিদ্যমান, যে ভয় নিজের অস্তিত্বকে ধীরে ধীরে বিলীন করে দিয়ে দুঃখবোধ ও হতাশার দিকে চালিত করছে।

তবে লেখকের মতে, তিনি একা নন, ভারতের শহুরে অনেক মুসলিমের মধ্যেও এই ভয় এবং হতাশা দেখা যাচ্ছে। তারা এদেশের রাজনৈতিক বিতর্কে মোটেও অংশগ্রহণে আগ্রহী নন, এক্ষেত্রে পুরোপুরি নীরব। তাদের এই নীরবতা স্কুল এবং কলেজ হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোর পাশাপাশি আরডব্লিউএ/হাউসিং সোসাইটি গ্রুপ চ্যাট সবখানেই দৃশ্যমান।

সাম্প্রতিক কিছু সাম্প্রদায়িক ক্ষোভ বা নৃশংসতার প্রতি দৃষ্টি আকর্ষণ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এবং তা আবার মুছে দেওয়ার বিষয়টি এই নীরবতাকেই প্রকটভাবে প্রকাশ্যে এনেছে। যেকোনো ধরনের সহিংসতার ঘটনা থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করেন তারা। হোক তা একজন মুসলিম পুরুষ তার হিন্দু বান্ধবীকে হত্যা করে টুকরো টুকরো করে কেটে ফেলেছে সেই ঘটনা কিংবা একজন মুসলিম পুরুষ তার অমুসলিম সঙ্গীকে ব্যবসায়িক বিরোধে হত্যা করেছে সেই ঘটনাও। এক্ষেত্রে অপরাধী হচ্ছেন একজন মুসলিম।