Image description

জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের মাত্র ৭২ ঘণ্টার মাথায় চট্টগ্রাম ওয়াসার ভেতরে তালা ভেঙে কক্ষ দখলের ঘটনা ঘটেছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ২টায় শ্রমিকদের একটি অংশ নিজেদের সংগঠনের কার্যালয় দাবি করে কক্ষটিতে ঢোকে। ঘটনাস্থলে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমানের নামে স্লোগান দেওয়া হয় এবং কক্ষের গ্লাসঘেরা অংশে তার ছবিসহ বড় স্টিকার টানানো হয়।

জানা গেছে, ‘চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দল’ নামের সংগঠনের সভাপতি মামুনুর রশিদের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জন কর্মী নতুন ভবনের একটি কক্ষের তালা ভেঙে ভেতরে ঢোকেন। সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়, আগের ব্যবস্থাপনা পরিচালক মৌখিকভাবে কক্ষটি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির ভিত্তিতেই তারা কক্ষটির দাবিদার।

দখলের পর ধারণ করা একটি ভিডিওচিত্র চট্টগ্রাম প্রতিদিনের হাতে এসেছে। সেখানে দেখা যায়, কক্ষের ওপরে তারেক রহমানের ছবিসহ বড় স্টিকার লাগানো হয়েছে। স্টিকারে লেখা রয়েছে ‘ইউনিয়ন কার্যালয়, চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দল’।

সংগঠনের সভাপতি মামুনুর রশিদ চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, আগের এমডির সময়ে বর্তমান প্রকৌশলীকে সাক্ষী রেখে ওয়াসার নতুন ভবনের একটি কক্ষ সিবিএর সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। সে প্রেক্ষিতে তারা বর্তমান প্রশাসনের কাছে কক্ষটির চাবি চান। চাবি না পাওয়ায় তারা কক্ষের বাইরে তারেক রহমানের ব্যানার ও ছবি টানিয়েছেন। তিনি দাবি করেন, আগের এমডির প্রতিশ্রুতির ভিত্তিতেই তারা কক্ষটির দাবিদার।

এদিকে অভিযোগ রয়েছে, আগের এমডির সময়ে মামুনুর রশিদ ও সাবেক কার্যকরী সভাপতি কামাল খানসহ কয়েকজন কর্মচারী মিটার ইন্সপেক্টর পদে থেকে অবৈধভাবে সম্পদ অর্জন করেছেন।

জানা গেছে, চট্টগ্রাম ওয়াসার শ্রমিক ইউনিয়ন দুই ভাগে বিভক্ত। একটি সংগঠনের রেজিস্ট্রেশন নম্বর ১৬৮৭ এবং অন্যটির ২৩০৭। ২৩০৭ নম্বরের চট্টগ্রাম ওয়াসা শ্রমিক ইউনিয়ন বর্তমানে নাম পরিবর্তন করে ‘চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দল’ হয়েছে।

চট্টগ্রাম ওয়াসা শ্রমজীবী ইউনিয়নের রেজিস্ট্রেশন নম্বর ১৬৮৭–এর সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি রতন কান্তি দাশ বলেন, রেজিস্ট্রেশন নম্বর ২৩০৭–এর চট্টগ্রাম ওয়াসা শ্রমিক ইউনিয়ন একটি অবৈধ সংগঠন। ২০০৪ ও ২০০৫ সালে ওই সংগঠনের কার্যক্রম স্থগিত করে হাইকোর্ট দুইবার রুল জারি করেন। মামলাটি এখনো চলমান রয়েছে।

ঘটনার বিষয়ে চট্টগ্রাম ওয়াসার প্রধান রাজস্ব কর্মকর্তা রুমন দে চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, দুপুরে ডিএমডি তাকে পরিস্থিতি দেখতে পাঠান। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেদন জমা দিয়েছেন। তবে প্রতিবেদনের বিষয়বস্তু জানাতে তিনি রাজি হননি।