মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইরানকে হুমকি দিয়ে বলেছেন, তেহরান যদি চুক্তিতে সম্মত না হয়, তবে মার্কিন বাহিনী পুনরায় সামরিক অভিযান শুরু করতে প্রস্তুত রয়েছে। গতকাল বৃহস্পতিবার পেন্টাগনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তেহরানকে ‘সঠিক সিদ্ধান্ত নেওয়ার’ আহ্বান জানিয়ে তিনি এই হুমকি দেন।
এদিকে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে নতুন দফায় আলোচনার সম্ভাবনা নিয়ে আলোচনার জন্য পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনিরের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল গতকাল ইরানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে।
অন্যদিকে দ্বিতীয় দফায় আলোচনার আগে যুক্তরাষ্ট্রের সদিচ্ছা নিয়ে সংশয় প্রকাশ করেছে ইরান।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ আরো বলেছেন, ইরানি বন্দরে অবরোধ অব্যাহত থাকবে। তিনি তেহরানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, তারা যদি ‘ভুল সিদ্ধান্ত’ নেয় তাহলে দেশটির অবকাঠামো এবং বিদ্যুৎ ও জ্বালানি কেন্দ্রগুলোতে বোমা হামলা চালানো হবে।
এদিকে লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে।
এ ছাড়া লেবাননের দক্ষিণাঞ্চলকে দেশের বাকি অংশের সঙ্গে সংযুক্তকারী একটি গুরুত্বপূর্ণ সেতু ইসরায়েলি বিমান হামলায় ধ্বংস হয়ে গেছে। লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, ‘কাসমিয়েহ’ সেতুতে পর পর দুটি হামলা চালানো হয়। সেতুটি দক্ষিণাঞ্চলের সঙ্গে দেশের বাকি অংশের যোগাযোগের শেষ মাধ্যম ছিল।
অন্যদিকে ইরানে যুদ্ধের জেরে হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে থাকায় তেল সরবরাহে সংকটের কারণে ইউরোপে উড়োজাহাজের জ্বালানি ফুরিয়ে যাওয়ার মুখে রয়েছে। ইউরোপে মাত্র ছয় সপ্তাহের মতো উড়োজাহাজের জ্বালানি (জেট ফুয়েল) অবশিষ্ট আছে বলে জানিয়েছেন জ্বালানি সংস্থার (আইইএ) প্রধান ফাতিহ বিরোল।
লেবাননে যুদ্ধবিরতি ইরানে যুদ্ধবিরতির মতোই গুরুত্বপূর্ণ : ইরানি পার্লামেন্ট স্পিকার
লেবাননে যুদ্ধবিরতি ইরানে যুদ্ধবিরতির মতোই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানের স্পিকারের বৈঠক
পাকিস্তানের সেনাপ্রধান অসিম মুনির গতকাল ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে বৈঠক করেছেন। তবে দুই পক্ষের বৈঠকের বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি। গালিবাফ গত শনিবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত আলোচনায় ইরানি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। অসিম মুনির গতকাল উচ্চ পর্যায়ের এক রাজনৈতিক ও নিরাপত্তা প্রতিনিধিদল নিয়ে তেহরানে পৌঁছেন।
দ্বিতীয় দফা আলোচনার তারিখ এখনো চূড়ান্ত হয়নি : পাকিস্তান
যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার জন্য এখনো কোনো তারিখ নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র। গতকাল তিনি আরো জানান, দুই দেশের মধ্যে আলোচনার বিষয়বস্তুর মধ্যে পরমাণু ইস্যুটিও রয়েছে।
১০ দিনের যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল-লেবানন : ট্রাম্প
ইসরায়েল ও লেবানন ১০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে বলে তথ্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর ঘোষণা অনুযায়ী, বাংলাদেশ সময় শুক্রবার ভোররাত ৩টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর।
নিজের ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘আমি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে চমৎকার আলোচনা করেছি। এই দুই নেতা তাঁদের দেশে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে স্থানীয় সময় বিকেল ৫টা থেকে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু করতে রাজি হয়েছেন।’
এর আগে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে বৈঠকে বসেছিল দুই পক্ষ। সেদিন কোনো চুক্তি ছাড়াই আলোচনা শেষ হয়। তবে নতুন করে আলোচনায় বসতে রাজি হয়েছিল ইসরায়েল ও লেবানন।
সেদিনের বৈঠকের কথা তুলে ধরে ট্রাম্প লিখেছেন, ‘৩৪ বছরের মধ্যে প্রথমবারের মতো দুই দেশ মঙ্গলবার ওয়াশিংটনে আমাদের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর উপস্থিতিতে বৈঠক করে। আমি ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী রুবিও ও জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যানকে ইসরায়েল ও লেবাননের সঙ্গে বসে একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছি।’
পোস্টের শেষে ট্রাম্প লেখেন, ‘বিশ্বের ৯টি যুদ্ধের সমাধান করা আমার জন্য সম্মানের বিষয় ছিল, আর এটি হবে দশম। তাই চলুন, আমরা এটি সফল করি!’
মার্কিন অবরোধের মধ্যেও পুরোপুরি বন্ধ হয়নি হরমুজ প্রণালি
যুক্তরাষ্ট্রের অবরোধ সত্ত্বেও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ হয়নি বলে এক বিশ্লেষণে জানা গেছে। আল জাজিরার বিশ্লেষণ অনুযায়ী, অবরোধ শুরুর পর থেকে মোট ৩১টি জাহাজ প্রণালিটি অতিক্রম করেছে। এর মধ্যে রয়েছে ১৪টি তেল, গ্যাস ও রাসায়নিকবাহী ট্যাংকার, ১৩টি কার্গো ও কনটেইনার জাহাজ এবং চারটি বাল্ক কার্গো জাহাজ। প্রতিবেদনে বলা হয়েছে, এই জাহাজগুলোর মধ্যে ১৪টি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকাভুক্ত। এ ছাড়া সাতটি জাহাজ ইরানের বন্দর থেকে যাত্রা করে প্রণালিটি পার হয়েছে।
হরমুজ প্রণালির ওমান অংশে জাহাজ চলাচলের প্রস্তাব ইরানের
হরমুজ প্রণালির ওমান অংশ দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দেওয়ার প্রস্তাব দিয়েছে ইরান। প্রস্তাব অনুযায়ী, এই পথ দিয়ে জাহাজগুলো যাতে হামলার কোনো ঝুঁকি ছাড়াই চলাচল করতে পারে এমন ব্যবস্থা বিবেচনা করে দেখতে পারে তেহরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার অংশ হিসেবে তেহরান এই প্রস্তাব দিয়েছে বলে আলোচনার বিষয়ে অবগত একটি সূত্র নিশ্চিত করে জানিয়েছে। তবে এই প্রস্তাব কার্যকর হওয়া নির্ভর করছে সংঘাত এড়াতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছার ওপর।
ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান চীনের
হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌচলাচল শুরুর উদ্যোগ নিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির প্রতি আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেছেন, হরমুজ প্রণালিতে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে যেমন সম্মান করা ও সুরক্ষিত রাখা উচিত, আবার একই সঙ্গে এই জলপথ দিয়ে নৌযান চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তাও নিশ্চিত করা প্রয়োজন।
ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি
ইউরোপে মাত্র ছয় সপ্তাহের মতো উড়োজাহাজের জ্বালানি (জেট ফুয়েল) অবশিষ্ট আছে বলে জানিয়েছেন জ্বালানি সংস্থার (আইইএ) প্রধান ফাতিহ বিরোল। ইরানে যুদ্ধের জেরে হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে থাকায় তেল সরবরাহে সংকটের কারণে ইউরোপে উড়োজাহাজের জ্বালানি ফুরিয়ে যাওয়ার মুখে রয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ পুনরায় সচল না হলে ফ্লাইট ‘দ্রুতই’ বাতিল হতে শুরু করবে। হরমুজ প্রণালি অচল হওয়ার ফলে এযাবৎকালের সবচেয়ে বড় জ্বালানিসংকট তৈরি হয়েছে, যা বিশ্ব পরিস্থিতিতেও প্রভাব ফেলছে বলে উল্লেখ করেন বিরোল।
ইরানকে সাহায্যকারী জাহাজকেও লক্ষ্যবস্তু করবে যুক্তরাষ্ট্র
মার্কিন শীর্ষ জেনারেল ড্যান কেইন বলেছেন, অবরোধের আওতাভুক্ত এলাকায় ইরানকে সহায়তাকারী জাহাজকে লক্ষ্যবস্তু করবে যুক্তরাষ্ট্র। গতকাল ওয়াশিংটনে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। জেনারেল কেইন বলেন, ইরানকে সহায়তাকারী জাহাজ ছাড়াও ইরানি তেল বহনকারী জাহাজগুলো যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুর মধ্য অন্তর্ভুক্ত।
ট্রাম্পের ইরান যুদ্ধের ক্ষমতা সীমিত করার চেষ্টা আবারও ব্যর্থ
মার্কিন সিনেটে ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধের ক্ষমতা সীমিত করার চেষ্টা আবারও ব্যর্থ হয়েছে। বুধবার সিনেটে ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ৪৭ জন সিনেটর ভোট দেন। বিপক্ষে পড়ে ৫২ ভোট। ১০০ সদস্যের সিনেটে ভোটদানে বিরত ছিলেন একজন সিনেটর। সূত্র : রয়টার্স, বিবিসি, আল জাজিরা, মিডল ইস্ট আই, তাসনিম, সিএনএন