Image description

বিশ্বকাপ শুরুর আগে ভিসা ইস্যুতে অনিশ্চয়তায় আছে ইরান ফুটবল দল। যুক্তরাষ্ট্রে গ্রুপ পর্বের ম্যাচ খেলতে হলেও ইরানের বেস ক্যাম্প থাকবে মেক্সিকোর তিজুয়ানায়। তাই দলের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের জন্য যুক্তরাষ্ট্রের কাছে মাল্টিপল-এন্ট্রি ভিসা চেয়েছে ইরান ফুটবল ফেডারেশন।

 

ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ বলেছেন, বিশ্বকাপ চলাকালে দলকে একাধিকবার যুক্তরাষ্ট্রে ঢুকতে ও বের হতে হবে। সে কারণে সব খেলোয়াড়ের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা প্রয়োজন। তবে এখনো ইরান দলের সদস্যদের যুক্তরাষ্ট্রের ভিসা দেওয়া হয়নি।

 

ইরান দলের কয়েকজন সদস্য গত সপ্তাহে তুরস্কে গিয়ে ভিসা সাক্ষাৎকার দিয়েছেন। যারা ইরান থেকে তুরস্কে গিয়েছেন, তাঁরা যুক্তরাষ্ট্রের ভিসার আবেদন করেছেন। একই সঙ্গে নকআউট পর্বে কানাডায় ম্যাচ পড়তে পারে, এমন সম্ভাবনা মাথায় রেখে পুরো স্কোয়াড কানাডার ভিসার জন্যও আবেদন করেছে।

 

আগে ইরানের বেস ক্যাম্প হওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের টুসনে। পরে ফিফার অনুমোদন নিয়ে সেটি সরিয়ে নেওয়া হয় মেক্সিকোর তিজুয়ানায়। শহরটি যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তের খুব কাছাকাছি হওয়ায় ম্যাচের সময় যুক্তরাষ্ট্রে যাতায়াত কিছুটা সহজ হতে পারে বলে মনে করছেন ইরান ফুটবল কর্তারা।

 

গ্রুপ ‘জি’-তে ইরানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিসর। ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে তারা। একই শহরে বেলজিয়ামের বিপক্ষেও খেলবে ইরান, আর গ্রুপ পর্বের আরেক ম্যাচ হবে সিয়াটলে মিসরের বিপক্ষে।

 

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপ। টুর্নামেন্ট শুরু হবে ১১ জুন, ফাইনাল ১৯ জুলাই।