Image description

রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় রাখা আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। পবিত্র ঈদুল আজহার দিন বৃহস্পতিবার বিকেলে এই চিত্র দেখা গেছে।

তবে চিড়িয়াখানার ৭ নম্বর শেডে মহিষটিকে সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত করার পর দেখা দেয় এক নতুন বিপত্তি। চিড়িয়াখানা কর্তৃপক্ষের তৈরি করা তথ্য বোর্ডে মহিষটির ইংরেজি নামে এক অদ্ভুত ও হাস্যকর বানান ভুল ধরা পড়ে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষের দেওয়া পরিচিতি ফলকে মহিষটির বাংলা নাম ‘ডোনাল্ড ট্রাম্প’ লেখার পরিবর্তে টাইপিং ভুলের কারণে লেখা হয়েছে ‘ডোনাল্ড ট্টাম্প’! ট্রাম্প বানানের ‘ট্র’ যুক্ত অক্ষরের পরিবর্তে ‘ট্ট’ যুক্তাক্ষর ব্যবহার করায় পুরো নামের অর্থই বদলে গেছে।

বিষয়টি চিড়িয়াখানায় আসা দর্শনার্থীদের নজরে এলে মুহূর্তেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নতুন করে হাস্যরস ও নতুন ট্রেন্ড ছড়িয়ে পরে।

এ নিয়ে পোস্ট দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ড. আসিফ নজরুল। 

চিড়িয়াখানায় মহিষটির ‘ডোনাল্ড ট্টাম্প’ লেখা বোর্ডটি দেখার পর থেকে দর্শনার্থী এবং নেটিজেনদের মধ্যে নানা রসাত্মক মন্তব্য দেখা যাচ্ছে। 

অনেকে বলছেন, ‘কুরবানি থেকে বাঁচলেও ট্রাম্পের নামের সম্মান বাঁচল না!’ আবার অনেকে বিষয়টিকে কর্তৃপক্ষের চরম গাফিলতি হিসেবে দেখছেন।

প্রসঙ্গত, প্রায় ৭০০ কেজি ওজনের এই বিরল গোলাপি-সাদা অ্যালবিনো মহিষটির মাথায় সোনালি রঙের চুল এবং চোখের ভিন্নধর্মী বৈশিষ্ট্যের কারণে খামারিরা শখ করে এর নাম রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামানুসারে।

মাথায় ঢেউখেলানো গোলাপি রঙের চুলের মহিষটি নিয়ে দেশীয় সংবাদমাধ্যম ছাড়াও ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ, দ্য ইনডিপেনডেন্ট এবং বার্তা সংস্থা এএফপি, রয়টার্সসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রতিবেদন ছাপা হয়। মহিষের ভিডিও প্রচার করে বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যম।

মহিষটি কুরবানির উদ্দেশ্যে বিক্রি হলেও সেটিকে একনজর দেখতে মানুষের উপচে পড়া ভিড় এবং বিশৃঙ্খলার আশঙ্কায় সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটি সংরক্ষণের সিদ্ধান্ত নেয়।

মহিষটির ক্রেতাকে তার প্রাপ্য টাকা বুঝিয়ে দিয়ে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের মাধ্যমে বুধবার (২৭ মে) রাতে এটিকে আনুষ্ঠানিকভাবে জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।