খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন পশ্চিম বানিয়াখামার আলকাতরা মিলসংলগ্ন এলাকায় এক ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা।
রবিবার (১৭ মে) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ব্যক্তির নাম আলী নুর ডাবলু (৪৮)। তিনি নগরীর পশ্চিম বানিয়াখামার এলাকার বাসিন্দা এতিম আলীর ছেলে। ডাবলু সিঅ্যান্ডএফ ব্যবসার সঙ্গে জড়িত বলে তার আত্মীয়রা জানিয়েছে।
এ ছাড়া ডাবলু আইনমন্ত্রী আসাদুজ্জামানের চাচাতো ভাই বলে একটি সূত্র জানালেও কেএমপির সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এমন কোনো তথ্য তার জানা নেই।
ওসি বলেন, ‘গুলির খবর পেয়ে কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছি। গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।’
চিকিৎসক ও স্বজনদের সূত্রে জানা যায়, ডাবলুর বাঁ হাতে পরপর তিনটি গুলি লাগে।
আহতের স্বজনদের দাবি, চাঁদা না দেওয়াকে কেন্দ্র করেই এই হামলার ঘটনা ঘটেছে। তারা জানান, ডাবলু সিঅ্যান্ডএফ ব্যবসার সঙ্গে জড়িত এবং খুলনা ও ঢাকায় তার অফিস রয়েছে। সম্প্রতি তার কাছে চাঁদা দাবি করা হয়।
আহত ডাবলুর এক স্বজন বলেন, বাসায় গিয়ে চাঁদা চাওয়া হয়েছিল। চাঁদা না দেওয়ার কারণেই তাকে গুলি করা হয়েছে।