মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে। আর আরাফাত দিবস তথা পবিত্র হজ অনুষ্ঠিত হবে ২৬ মে।
রোববার (১৭ মে) দেশটির সর্বোচ্চ আদালতের আওতাভুক্ত জাতীয় চাঁদ দেখা কমিটির বরাতে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।
সপ্তাহের শুরুতে জনগণকে ১৭ মে চাঁদ দেখার আহ্বান জানায় সর্বোচ্চ আদালত। নির্দেশনা দেয়, খালি চোখে বা দূরবীন দিয়ে চাঁদ দেখতে পেলে নিকটতম আদালতে খবর দিয়ে নিজের সাক্ষ্য নথিভুক্ত করতে হবে। অথবা নিকটতম আদালতে পৌঁছানোর জন্য সহায়তার প্রয়োজনে নিকটস্থ কেন্দ্রে যোগাযোগ করতে হবে।
এর আগে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করে। দেশটিতে আগামী ২৭ মে দেশটিতে পালিত হবে ঈদ। এ ছাড়াও মালয়েশিয়া, ওমান, ব্রুনাই জিলহজ মাসের চাঁদ দেখার খবর নিশ্চিত করেছে। দেশগুলো আগামী ২৭ মে ঈদ উদযাপিত হবে।
তারও আগে বিশ্বের প্রথম দেশ হিসেব ঈদুল আজহার তারিখ ঘোষণা করে তুরস্ক ও তিউনিসিয়া। দেশ দুটিতে সোমবার (১৮ মে) থেকে শুরু হচ্ছে হিজরি বর্ষপঞ্জির শেষ মাস জিলহজ। এ হিসাব অনুযায়ী আগামী আগামী ২৭ মে দেশ দুটিতে কোরবানির ঈদ উদযাপিত হবে।
ঘোষণা অনুযায়ী, বিশ্বের প্রথম দেশ হিসেবে এবার সবার আগে আনুষ্ঠানিকভাবে ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে তিউনিসিয়া। শনিবার (১৬ মে) জিলকদ মাসের ২৯তম দিন শেষে দেশটির কর্তৃপক্ষ জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে।
ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে তুরস্কও। জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত গণনা এবং বৈজ্ঞানিক হিসাব-নিকাশের ওপর ভিত্তি করে তৈরি পূর্ব-নির্ধারিত ইসলামি ক্যালেন্ডার অনুযায়ী ১৮ মে জিলহজের প্রথম দিন ও ২৭ মে ঈদুল আজহা উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে দেশটি। তবে এখনও পর্যন্ত তুরস্কে খালি চোখে চাঁদ দেখা যায়নি।