Image description

ফেনীতে এসএসসি পরীক্ষার হলে খাতা না দেখানোয় সহপাঠীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে এক পরীক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আহত শিক্ষার্থীর মা।

 

রোববার (১৭ মে) দুপুরে জেলার ছাগলনাইয়া উপজেলার বাংলা বাজার ছলেমা নজির উচ্চবিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

 

আহত কাজী আহমেদ আশ্রাফী নাবিল ছাগলনাইয়া হরিপুর আলি আকবর উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ও মোটবী ইউনিয়ন বেত্রাবাগ শিলুয়া বাড়ির কাজী নুরুল আবছার রিপনের ছেলে। অভিযুক্ত রাকিব হোসেন গতিয়া আজিজুল হক উচ্চবিদ্যালয়ের পরীক্ষার্থী ও পাঠাননগর ইউনিয়নের পূর্ব সোনাপুর গ্রামের খন্দকার বাড়ির হেলাল মিয়ার ছেলে।

 

ভুক্তভোগী শিক্ষার্থী সূত্রে জানা গেছে, পরীক্ষার হলে নাবিলের পেছনের বেঞ্চে সিট পড়ে রাকিবের। প্রথম পরীক্ষার দিন তিনি খাতা দেখতে চাইলে নাবিল দেখাতে রাজি হননি। এনিয়ে ওইদিন পরীক্ষা কেন্দ্রের বাইরে ক্ষোভ দেখিয়ে তাকে গালিগালাজ করে রাকিব। আজ ছিল পরীক্ষার শেষ দিন। পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হওয়ার পর রাকিবসহ ৭/৮ জন ছেলে তাকে প্রথমে মারধর এবং পরে ধারালো অস্ত্র দিয়ে পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে বাংলা বাজার এবং পরে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

আহত শিক্ষার্থীর মা নার্গিস আক্তারের দাবি, পূর্বপরিকল্পিতভাবে তার ছেলেকে হত্যার উদ্দেশে এ হামলা চালানো হয়েছে। ঘটনার বিচার ও অভিযুক্তদের শাস্তি দাবি করেন তিনি।

 

এ বিষয়ে ছাগলনাইয়া থানার ওসি মো. শাহীন মিয়া এশিয়া পোস্টকে বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।