Image description

দহগ্রাম সীমান্তে আটক পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) মো. সাব্বির বিন শামসকে লালমনিরহাটে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতার বাড়িতে অগ্নিসংযোগ করে ছয়জনকে হত্যা মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।  

রোববার (১৭ মে) বিকেলে তাকে লালমনিরহাট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-১ এ হাজির করা হলে বিচারক মো. আলাউদ্দিন তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

এর আগে শনিবার (১৬ মে) সকালে পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকালে তাকে আটক করে পাটগ্রাম থানা পুলিশ। 

সাব্বির বিন শামস বিগত আওয়ামী লীগ সরকার আমলে চুক্তিভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি ও লন্ডন হাইকমিশনে মিনিস্টার হিসাবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও লন্ডন হাইকমিশনের সাবেক মিনিস্টার ছিলেন। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা রয়েছে।

 

পুলিশ জানায়, ১৬ মে পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত হয়ে অবৈধ ভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি মো. সাব্বির বিন শামস। তার চলা ফেরা দেখে স্থানীয়দের সন্দেহ হলে পুলিশে খবর দেয়।

পুলিশ তাকে আটক করে লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশে সোপর্দ করে। এ সময় তার কাছ থেকে মোট সাতটি পাসপোর্ট উদ্ধার করে পুলিশ। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ শেষে রোববার সদর থানায় সোপর্দ করা হয়। সেখানে তাকে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খানের বাড়িতে অগ্নিসংযোগে ছয়জনকে হত্যার ঘটনায় গত ২০২৫ সালের ২৭ মে সদর থানায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গত ২০২৪ সালের ৫ আগস্ট বিকেলে এ নেতার লালমনিরহাট শহরের আলীসান বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে পাঁচজন শিক্ষার্থীসহ ছয়জনের মৃত্যু হয়। 

 

অবশেষে সাবেক ডিজি মো. সাব্বির বিন শামসকে লালমনিরহাট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-১ এ হাজির করা হয়। সেখানে তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে লালমনিরহাট কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক মো. আলাউদ্দিন। 

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বলেন, লালমনিরহাট সদর থানার ছয়জন হত্যা মামলায় (নং-৫৯/২৫) তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।