Image description

‘কারিনা কায়সারকে হত্যা করেছে মূলত ভারত’ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে কুমিল্লা-৪ আসনের নির্বাচিত সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এমন বক্তব্য দিয়েছেন দাবিতে একটি ফটোকার্ড ফেসবুকে ছড়ানো হয়েছে।

 

এ সম্পর্কিত দুটি পোস্ট দেখুন এখানে এবং এখানে

 

তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি।

 

প্রচারিত ফটোকার্ডটি রিভার্স ইমেজ সার্চ করে জানা গেছে, ফেসবুকে ‘বেঙ্গলি স্টিম’ নামে একটি পেজ থেকে কার্ডটি সর্বপ্রথম পোস্ট করা হয়। এতে নিচের দিকে হাসনাত আবদুল্লাহ এবং কারিনা কায়সারের ছবি ব্যবহার করে উপরের অংশে দাবিটি বসানো হয়েছে। এতে হাসনাত আবদুল্লাহর বক্তব্য দাবি করে লেখা হয়েছে, ‘কারিনা কায়সারকে হত্যা করেছে মূলত ভারত। নয়তো জলজ্যান্ত একটা মানুষ ২ দিন আগে ভারতে গেলো এবং লাশ হয়ে ফিরলো কেনো? এজন্যই আমরা বলি প্রয়োজনে চিকিৎসার অভাবে দেশে মরুন, তবু ভারত যাইয়েন না।’

 

প্রচারিত পোস্টটিতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ হাজারের বেশি প্রতিক্রিয়ার পাশাপাশি সাড়ে চার শতাধিক মন্তব্য পড়েছে। মন্তব্যকারী নেটিজেনদের বেশিরভাগকেই দাবিটি বিশ্বাস করে সেখানে প্রতিক্রিয়া জানাতে দেখা গেছে। যেমন: ডা. সোনিয়া এস খান নামে একজন মন্তব্য করেছেন, ‘তো আফনার বন্ধুর বাপ গেল ক্যান ইন্ডিয়ায় চিকিৎসা নিতে একটু বলবেন?’ বাদল হালদার নামে আরেকজন লিখেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এরকম কিছু প্রোডাক্ট বের হবে, আন্দাজ করেই হয়তো রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছিল।’

 

তবে প্রচারিত দাবিটির সঙ্গে সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে দেশের প্রতিষ্ঠিত কোনো সংবাদমাধ্যমে হাসনাত আবদুল্লাহর এমন বক্তব্যসংবলিত কোনো সংবাদ পাওয়া যায়নি। এ ছাড়া ফেসবুকে হাসনাত আবদুল্লাহর ভ্যারিফায়েড প্রোফাইলেও এসম্পর্কিত কোনো পোস্ট পাওয়া যায়নি।

 

অর্থাৎ, এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ‘কারিনা কায়সারকে ভারত হত্যা করেছে’ এমন বক্তব্য দিয়েছেন দাবিতে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া। এ ধরনের কোনো মন্তব্য করেননি তিনি।