Image description

লালমনিরহাট সীমান্তে বিএসএফ সদস্যদের লক্ষ্য করে ‘বাংলাদেশি মুসলিমরা হামলা’ চালিয়েছে-এমন একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে, বিশেষ করে ভারতভিত্তিক একটি এক্স অ্যাকাউন্টে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ‘G I D E O N’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়-“#Breaking Bangladeshi muslim mob targeted #bsf jawans at lalmonirhat border”। ঘটনাটিকে ‘মব অ্যাটাক’ বা পরিকল্পিত সাম্প্রদায়িক হামলা হিসেবে উপস্থাপন করে নেটিজেনদের উসকে দেওয়ার চেষ্টা করা হয়েছে।

তবে আগামীর সময়ের অনুসন্ধানে দেখা গেছে, এই দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বিকৃত। মূলত গরু জব্দ করাকে কেন্দ্র করে সৃষ্ট একটি সাময়িক ভুল বোঝাবুঝির সাধারণ দৃশ্যকে সাম্প্রদায়িক ও রাজনৈতিক রং দিয়ে প্রচার করা হচ্ছে।


যেভাবে ছড়ানো হয়েছে বিভ্রান্তি

ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দাবি করা হচ্ছে যে, বাংলাদেশিরা দলবদ্ধভাবে বিএসএফ সদস্যদের ওপর পরিকল্পিত আক্রমণ চালিয়েছে। অত্যন্ত উত্তেজনাপূর্ণ ভাষায় ছড়ানো এই ভিডিওটি নেটিজেনদের মধ্যে বিভ্রান্তি ও ক্ষোভের সৃষ্টি করে। তবে ভিডিওটির উৎস এবং স্থানীয় সীমান্ত পরিস্থিতির খোঁজ নিতেই বেরিয়ে আসে আসল ঘটনা।

 

 

ভিডিওর প্রকৃত উৎস ও আসল ঘটনা

ভিডিওটিতে দৃশ্যমান ‘বিডিনিউজ টোয়েন্টিফোর’-এর লোগোর সূত্র ধরে অনুসন্ধান চালিয়ে তাদের অফিশিয়াল ফেসবুক পেজে এবং ইনসট্রাগ্রামে এর মূল ভিডিওটি পাওয়া যায়। সেখানে ঘটনাটিকে ‘লালমনিরহাট সীমান্তে বিএসএফের সঙ্গে স্থানীয়দের উত্তেজনা’ হিসেবে উল্লেখ করা হয়েছিল।

জাতীয় গণমাধ্যমের প্রতিবেদন ও সীমান্ত সূত্র থেকে জানা যায়, ঘটনাটি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্ত এলাকার। কয়েকজন বাংলাদেশির কিছু গরু ঘাস খাওয়ার সময় আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ে। এ সময় বিএসএফ সদস্যরা গরুগুলো জব্দ করার চেষ্টা করলে স্থানীয় বাংলাদেশিরা বাধা দেন। এই নিয়ে উভয় পক্ষের মধ্যে তীব্র কথা কাটাকাটি এবং সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণ ও বিজিবি-বিএসএফের বক্তব্য

স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, বিএসএফের পাশাপাশি সীমান্তের ওপার থেকে কিছু ভারতীয় নাগরিক লাঠিসোঁটা নিয়ে জড়ো হলে পরিস্থিতি আরও উত্তপ্ত রূপ নেয়। তবে কোনো ধরনের বড় সংঘাতের আগেই খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরবর্তীতে বিএসএফ সদস্যরাও সেখান থেকে সরে গেলে সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়ে আসে।

 

 

স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম এবং বিজিবির দায়িত্বশীল কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, এটি কোনো পরিকল্পিত হামলা বা ‘মব অ্যাটাক’ ছিল না। গরু জব্দ করাকে কেন্দ্র করে দুই দেশের সীমান্তবাসীদের মধ্যে একটি স্বল্পস্থায়ী উত্তেজনা তৈরি হয়েছিল, যা পরবর্তীতে আলোচনার মাধ্যমে মীমাংসা করা হয়েছে।

সামগ্রিক তথ্যের বিশ্লেষণে এটি স্পষ্ট যে, লালমনিরহাট সীমান্তে ঘটে যাওয়া একটি সাধারণ ও সাময়িক ভুল বোঝাবুঝির ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিকৃত করা হয়েছে। গরু চরানো নিয়ে সৃষ্ট উত্তেজনাকে ‘বাংলাদেশি মুসলিমদের পরিকল্পিত হামলা’ বলে প্রচার করা সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর এবং দুই দেশের সীমান্ত সম্প্রীতি নষ্ট করার একটি অপচেষ্টা মাত্র।