Image description

রাজধানীর শাহবাগ থানায় ডাকসু নেতাদের ওপর হামলার নিন্দা জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা। তিনি বলেছেন, ‘আমরা এই ভূখণ্ডে মজলুমদের পক্ষে লড়ে যাব।’

 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ নিন্দা জানিয়েছেন শিবির সেক্রেটারি।

 

পোস্টে তিনি বলেন, ‘যখন গেস্টরুম, গণরুম ছিল, তখনকার ফার্স্ট ইয়ার আর এখনকার ফার্স্ট ইয়ারের মধ্যে অনেক পার্থক্য দেখি। ওই সময় সবাই খুব ভালনারেবল (ঝুঁকি) থাকত। কিন্তু এখন সবাই অনেক কনফিডেন্ট (আত্মবিশ্বসী)। চোখের সামনে এদের দেখতে ভালো লাগে।’

 

সিবগাতুল্লাহ আরও বলেন, ‘ছাত্রদল তারেক জিয়ার নির্দেশে ক্যাম্পাসে আবারও সেই অতীত ফিরিয়ে আনতে চায়। কিন্তু ইসলামী ছাত্রশিবিরের কর্মীদের বলব কেউ যদি ক্যাম্পাসে আমাদের ছোট ভাইদের দাস বানাতে আসে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। শিক্ষার্থীদের বলব, আমরা যখন প্রতিরোধ গড়ে তুলব তখন আপনারা আমাদের পাশে থাকবেন। এ লড়াই শুধু শিবিরের নয় এ লড়াই প্রজন্মের লড়াই।’

 
 

 

তিনি বলেন, ‘আমরা এই ভূখণ্ডের মজলুম মানুষদের জন্য লড়ে যাব ইনশাআল্লাহ।’

পোস্টের শেষে ডাকসু নেতাদের ওপর হামলার নিন্দা জানিয়েছেন শিবিরের সেক্রেটারি।

 

এর আগে বৃহস্পতিবার রাত ৮টার দিকে শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ছাড়া ডাকসুর কার্যনির্বাহী সদস্য সাইয়েদুজ্জামান নূর আলভিও মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাংবাদিকসহ আটজন আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন।

 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট ছড়ানো হয়। সেই পোস্টকে ভুয়া দাবি করে রাত ৮টার দিকে রাজধানীর শাহবাগ থানায় জিডি করতে যান ডাকসু শিবির প্যানেলের প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদ ও মাস্টারদা সূর্যসেন হলের কার্যনির্বাহী সদস্য সাইয়েদুজ্জামান আলভি। এ সময় ছাত্রদল নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।