জ্বালানি তেলের দাম বাড়ায় চট্টগ্রাম বন্দর থেকে নৌপথে দেশের বিভিন্ন এলাকায় লাইটার জাহাজযোগে পণ্য পরিবহনে টনপ্রতি ১০ শতাংশ হারে ভাড়া বাড়ানো হচ্ছে।
এ সংক্রান্ত একটি প্রস্তাব নৌ পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাবটি অনুমোদন পেলে জ্বালানি তেল বৃদ্ধির দিন থেকে ওই বর্ধিত ভাড়া কার্যকর হবে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার বিকেলে নৌ পরিবহন অধিদফতরের সম্মেলন কক্ষে এক সভায় স্টেক হোল্ডারদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়।
নৌ পরিবহন অধিদফতরের কর্মকর্তারা জানান, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে লাইটার জাহাজ মালিকদের পক্ষ থেকে ভাড়া সমন্বয় করার একটি আবেদন করা হয়েছে। এ পরিপ্রেক্ষিতে আমদানিকারক, জাহাজ মালিকসহ সংশ্লিষ্টদের সভা আহ্বান করা হয়। সভায় লাইটার জাহাজ মালিকদের পক্ষ থেকে প্রতিটন পণ্য পরিবহনে ভাড়া ন্যূনতম ২৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়। পক্ষান্তরে আমদানিকারকেরা ৫ শতাংশ বৃদ্ধির প্রস্তাব দেন। পরে সভায় ১০ শতাংশ বৃদ্ধির বিষয়টি চূড়ান্ত হয়।
চট্টগ্রাম বন্দর থেকে ঢাকা নারায়ণগঞ্জসহ দেশের ৩৮টি রুটে পণ্য পরিবহন করে লাইটার জাহাজ। লাইটার জাহাজে প্রধান জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় ডিজেল। গত ১৯ এপ্রিল থেকে সরকার জ¦ালানি তেলের দাম সমন্বয় করেছে। নতুন দরে ডিজেলের মূল্য লিটার প্রতি ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা হয়েছে। অর্থাৎ লিটারে দাম বেড়েছে ১৫ টাকা।
এদিকে বর্ধিত মূল্য কার্যকর হলে আমদানি ব্যয় বেড়ে যাবে। আর তার নেতিবাচক প্রভাব পড়বে ভোক্তা পর্যায়ে। ইতোমধ্যে বেসরকারি কনটেইনার ডিপো মালিকদের সংগঠন বিকডা ফুয়ের সারচার্জ নামে ৮ শতাংশ মাশুল বাড়িয়ে দিয়েছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির দিন থেকে ওই মাশুল কার্যকর করা হয়েছে।