Image description

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম ব্যারিস্টার আরমান বলেছেন, যারা গুমের সঙ্গে জড়িত ছিল তাদের অনেকে এখনো গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে। তারা দেশের ভেতর অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। তাদের বিচারের আওতায় আনতে হবে।

 

বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এক সময় গুমের শিকার ব্যারিস্টার আরমান এ দাবি জানান।

বক্তব্যে নিজের গুম হওয়া এবং গুমের শিকার কয়েকটি পরিবারের অভিজ্ঞতার কথা তুলে ধরেন আহমাদ বিন কাসেম। এ সময় তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন। তিনি গুমের শিকার পরিবারগুলোর পক্ষ থেকে তিনটি দাবি তুলে ধরেন।

সেগুলো হলো—জবাবদিহি নিশ্চিত করা, গুমের শিকার পরিবারগুলোর অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা এবং গুমের মত এ মানবতাবিরোধী অপরাধ যাতে আর না হয় সেজন্য ব্যবস্থা গ্রহণ করা। তিনি এজন্য শক্ত আইন, রাজনৈতিক দৃঢ়তা, স্বাধীন গুম কমিশন ও স্বাধীন মানবাধিকার কমিশন প্রয়োজন বলে উল্লেখ করেন।

গুমসংক্রান্ত মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার কথা উল্লেখ করে আহমাদ বিনকাসেম বলেন, তারা বেশ কিছু শক্তিশালী অপশক্তির বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন। যারা এখনো ক্ষমতাসীন অবস্থায় বিদ্যমান। এ সাক্ষী তাদের বিশেষ অসুবিধার কারণ। তিনি বলেন, ‘আমাদের জীবনের ঝুঁকি এখনো রয়েছে। যেমনভাবে জীবন দিতে হয়েছে আমাদের ভাই হাদীকে।

গুম হওয়া পরিবারগুলোর কথা তুলে ধরে এই সংসদ সদস্য বলেন, যারা গুমের শিকার হয়েছেন তাঁরা এখনো রাষ্ট্রের স্বীকৃতি পায়নি। ভুক্তভোগীদের রাষ্ট্রের স্বীকৃতি প্রয়োজন। গুমে জড়িতদের বিচার যেন ফ্যাসিস্ট আমলের লোক দেখানো একটি নাটকের মতো না হয় সে দাবিও করেন তিনি।

ছাত্ররাজনীতি নিয়ে আলোচনার আহ্বান পানি সম্পদমন্ত্রীর

বর্তমান ছাত্র রাজনীতি নিয়ে সংসদে আলোচনার আহ্বান জানান পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানী। রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে ও ছাত্রদলের সাবেক সভাপতি বলেন, যে ছাত্র রাজনীতি চলছে, গত দুই-তিনদিন ধরে তিনি লক্ষ্য করছেন বর্তমান প্রজন্ম তা পছন্দ করে না। ফ্যাসিস্টের ধারাবাহিকতায় চাপাতি, অস্ত্র, রামদা, হকিস্টিক নিয়ে সেই ছাত্ররাজনীতি ৫ আগস্টের পরও থাকবে সেটা এ প্রজন্ম পছন্দ করে না।

বিগত জাতীয় নির্বাচনে টাকার ছড়াছড়ি হয়েছে দাবি করে পানি সম্পদ মন্ত্রী বলেন, ‘এত টাকার ছড়াছড়ি কোথা হতে আসলো বুঝতে পারি নাই। ইসলামী ব্যাংক নিয়ে কথা হচ্ছে। গত দেড়বছরে ইসলামি ব্যাংক নিয়ে তদন্ত করি, হয়তোবা পাওয়া যাবে এ টাকাগুলো কোত্থেকে এসেছে।

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (গাইবান্ধা-৫) মো. আব্দুল ওয়ারেছ গণভোটের প্রতি বিএনপি শ্রদ্ধা জানাচ্ছে না— উল্লেখ করে আব্দুল ওয়ারেছ বলেন, বিএনপি গণভোটকে অপমান করেছে। বিশ্বাসঘাতকতা করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধানের নানান ব্যাখ্যা দিচ্ছেন।