দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান সহিংস ছাত্ররাজনীতির প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। কর্মসূচি অনুযায়ী, শুক্রবার (২৪ এপ্রিল) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেট থেকে সন্ত্রাসবিরোধী পদযাত্রা ও রোববার (২৬ এপ্রিল) দেশের ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসবিরোধী মানববন্ধন করবে সংগঠনটি।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ।
মুনতাছির আহমাদ বলেন, চট্টগ্রাম সিটি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রসংগঠনগুলোর মধ্যে সংঘর্ষ, পেশিশক্তির প্রদর্শন এবং সহিংস কর্মকাণ্ড শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করছে। শিক্ষাপ্রতিষ্ঠান হওয়া উচিত জ্ঞানচর্চা, মতপ্রকাশের স্বাধীনতা ও পারস্পরিক শ্রদ্ধার নিরাপদ ক্ষেত্র।
তার মতে, বর্তমান বাস্তবতায় ছাত্ররাজনীতির নামে সহিংসতা ও ভীতির সংস্কৃতি সাধারণ শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে।
প্রতিটি ক্যাম্পাসে নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা সময়ের দাবি জানিয়ে ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি বলেন, অতীতের সহিংস ও অস্থিতিশীল রাজনৈতিক সংস্কৃতির পুনরাবৃত্তি রোধ করতে হবে। শিক্ষার্থীদের সচেতন ও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।
প্রশাসনের প্রতি শিক্ষাঙ্গনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলনের সহসভাপতি খায়রুল আহসান মারজান, ইমরান হোসাইন নূর, সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ, জয়েন্ট সেক্রেটারি জেনারেল ফয়জুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম খলীল, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাইমুন ইসলাম মিঠুন, দক্ষতা উন্নয়ন ও বিতর্ক সম্পাদক ওবায়দুল্লাহ মাহমুদ, পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু, প্রকাশনা সম্পাদক শেখ মুহাম্মাদ মাহদী ইমাম, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি সাইফ মোহাম্মদ আলাউদ্দিন প্রমুখ।