Image description

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছয় সাংবাদিক হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শাখা জাতীয় ছাত্রশক্তি। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক সরদার নাদিম মাহমুদ শুভ স্বাক্ষরিত এক বিবৃতিতে গভীর উদ্বেগ জানিয়েছে সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়, গতকাল রাতে বিজয় একাত্তর হলে দেয়াল লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা, উত্তেজনা ও সৃষ্টি হয়েছে। একই দিনে ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ হলেও একইরকম পরিস্থিতি তৈরি হয়েছে।  পৃথক দুটি ঘটনায় ছাত্রদল কর্তৃক ছয়জন সাংবাদিক হেনস্তার শিকার হয়েছেন। এ ন্যাক্কারজনক ঘটনায় জাতীয় ছাত্রশক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জ্ঞাপন করছে। 

এতে আরও বলা হয়, জাতীয় ছাত্রশক্তি মনে করে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের বাধা দেওয়া, হেনস্তা বা আক্রমণ করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং এটি স্বাধীন গণমাধ্যমের উপর সরাসরি আঘাত।সংবাদপত্রকে ডেমোক্রেসির ৪র্থ স্তম্ভ বলা হয়। সাংবাদিকদের নিরাপত্তা বিঘ্নিত হলে সত্য প্রকাশ বাধাগ্রস্ত হয়, যা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।একই দিনে একাধিক ঘটনায় সাংবাদিক হেনস্তা বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য উদ্বেগজনক দৃষ্টান্ত।

ঘটনার নিরপেক্ষ তদন্ত, ক্যাম্পাসে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানিয়েছে সংগঠনটি। এছাড়া ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোরকে সংঘাত ছেড়ে সংলাপের রাজনীতি বেছে নেওয়ার আহ্বান জানিয়েছে তারা।