Image description

জাতীয় সংসদের ভেতরে আচরণবিধি মেনে চলার বিষয়ে সংসদ সদস্যদের (এমপি) কড়া সতর্কবার্তা দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, অধিবেশন চলাকালে মোবাইল ফোনে কথা বলা, খাওয়া-দাওয়া করা কিংবা দর্শক গ্যালারিতে থাকা কারও সঙ্গে সরাসরি যোগাযোগ করা সংসদের শিষ্টাচারবিরোধী এবং এসব থেকে বিরত থাকতে হবে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব নির্দেশনা দেন।

স্পিকার বলেন, জাতীয় সংসদ জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতীক। এর কার্যক্রম পরিচালিত হয় নির্দিষ্ট আইন, বিধি এবং দীর্ঘদিনের প্রচলিত রীতিনীতির ভিত্তিতে। তবে সাম্প্রতিক সময়ে কিছু আচরণে এসব নিয়ম লঙ্ঘনের ঘটনা দেখা যাচ্ছে, যা দুঃখজনক।

তিনি উল্লেখ করেন, সংসদ গ্যালারিতে থাকা কোনো ব্যক্তির সঙ্গে কথা বলা বা হাত মেলানো সম্পূর্ণ অনুচিত। অথচ অধিবেশনের সময় এমন ঘটনাও ঘটেছে বলে তিনি জানান।

স্পিকারের আসনের প্রতি সম্মান প্রদর্শনের বিষয়টিও স্মরণ করিয়ে দেন তিনি। সংসদে প্রবেশ বা বের হওয়ার সময় স্পিকারের চেয়ারের দিকে সম্মান জানানো আন্তর্জাতিক সংসদীয় রীতি হলেও অনেক সদস্য তা অনুসরণ করছেন না বলে তিনি মন্তব্য করেন।

অধিবেশন চলাকালে চলাফেরা ও মোবাইল ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক করেন স্পিকার। তিনি বলেন, বক্তা ও স্পিকারের মাঝখান দিয়ে হাঁটা ঠিক নয়, অথচ এটি প্রায়ই দেখা যাচ্ছে। এছাড়া মোবাইল ফোনে কথা বলার প্রবণতাও লক্ষ্য করা যাচ্ছে, যা সংসদের পরিবেশের সঙ্গে অসঙ্গত। প্রয়োজনে বাইরে গিয়ে কথা বলার পরামর্শ দেন তিনি।

খাওয়া-দাওয়া নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করে বলেন, সংসদ কক্ষে পানাহার করার কোনো বিধান নেই। এমন আচরণ সংসদের মর্যাদার পরিপন্থী।

‘পয়েন্ট অব অর্ডার’ নিয়ে বক্তব্য দেওয়ার নিয়ম সম্পর্কেও দিকনির্দেশনা দেন স্পিকার। তিনি জানান, প্রশ্নোত্তর পর্ব শেষে নির্দিষ্ট বিধি উল্লেখ করে এ বিষয়ে কথা বলতে হয়।

নতুন সংসদ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, কার্যপ্রণালী বিধি ভালোভাবে পড়লে সংসদীয় কার্যক্রম পরিচালনা সহজ হবে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব হবে।

শীর্ষনিউজ