দেশের কৃষি উৎপাদন সচল রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ১ মে থেকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ২০১৬ সাল থেকে দেশে গ্যাস সংকট প্রকট আকার ধারণ করে। গ্যাসের চাপ কমে যাওয়ায় আবাসিক ও শিল্প খাতে সরবরাহ ব্যাহত হচ্ছে। এ অবস্থায় উৎপাদন সচল রাখতে সীমিত গ্যাস সরবরাহ করা হচ্ছে।
তিনি আরও জানান, দেশীয় গ্যাস অনুসন্ধানে অতীতে পর্যাপ্ত উদ্যোগ না থাকায় বর্তমান সংকট তৈরি হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপেক্সকে শক্তিশালী করে নতুন করে অনুসন্ধান কার্যক্রম শুরু করা হয়েছে। এতে সফল হলে ভবিষ্যতে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মন্ত্রী অভিযোগ করেন, পূর্ববর্তী সরকার গ্যাস খাতকে আমদানি নির্ভর করে তুলেছে এবং বিপুল পরিমাণ বকেয়া রেখে গেছে। বর্তমান সরকার দেশীয় গ্যাসক্ষেত্রগুলোতে নতুন অনুসন্ধান ও পরিত্যক্ত কূপ থেকে অবশিষ্ট গ্যাস উত্তোলনের উদ্যোগ নিয়েছে, যাতে অভ্যন্তরীণ চাহিদা পূরণ করা যায়।
এদিকে সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রে বর্তমানে একাধিক কূপ থেকে প্রতিদিন গড়ে উল্লেখযোগ্য পরিমাণ গ্যাস উৎপাদন হচ্ছে। এছাড়া সম্প্রতি নতুন একটি গভীর কূপ খনন শুরু হয়েছে, যেখান থেকে ভবিষ্যতে জাতীয় গ্রিডে অতিরিক্ত গ্যাস যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগ পুনরায় চালুর দাবি জানালে জবাবে মন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদনে কিছুটা প্রভাব পড়লেও কৃষির স্বার্থ বিবেচনায় নিয়ে ১ মে থেকেই সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু করা হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সার উৎপাদন বাড়বে এবং কৃষিখাতে ইতিবাচক প্রভাব পড়বে।
শীর্ষনিউজ