Image description

নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। কমিশনের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে রিট করতে যাচ্ছেন তিনি। 

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত দ্য ডেইলি ক্যাম্পাসকে মুঠোফোন আলাপে বিষয়টি নিশ্চত করেছেন। 

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে সিফাত বলেন, সংরক্ষিত নারী আসনে এনসিপি থেকে মোট তিনজন মনোনয়ন জমা দেন। ডাঃ মাহমুদা মিতু, মনিরা শারমিন এবং নুসরাত তাবাসসুম। তন্মধ্যে ডাঃ মাহমুদা মিতুর মনোনয়ন বৈধ ঘোষিত হয়েছে, মনিরা শারমিনের মনোনয়ন বাতিল ঘোষিত হয়েছে, নির্ধারিত সময়ের পর দাখিল করায় নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র কমিশন বিবেচনা করেনি। 

তিনি জানান, মনিরা শারমিন মনোনয়ন বাতিলের বিরুদ্ধে কমিশনের ট্রাইব্যুনালে আপিল করবেন। সেই প্রস্তুতি ইতোমধ্যে তিনি নিচ্ছেন। তবে ট্রাইব্যুনালে আপিলের সুযোগ থাকছে না নুসরাত তাবাসসুমের।

তিনি বলেন, নুসরাত তাবাসসুমকে এই বিষয়ে সরাসরি হাইকোর্টে রিট পিটিশন দায়ের করতে হবে। হাইকোর্ট নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্রকে 'অন-মেরিট' যাচাই করার রুল ইস্যু করে ডাইরেকশন দিলে, মনোনয়ন পত্রটি যাচাই করে সিদ্ধান্ত জানাবে কমিশন। আমরা অতি দ্রুত এই বিষয়ে আদালতে রিট পিটিশন দায়ের করবো। আসনটি এনসিপিরই থাকবে আশা প্রকাশ করে আইনি লড়াইয়ের জন্য তারা প্রস্তুত বলেও জানান তিনি।