ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান মঙ্গলবার। এদিন সকালে শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় একটি ঝটিকা মিছিলের পরিকল্পনা করেছে বলে দ্য ডেইলি ক্যাম্পাসকে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।
সূত্রমতে, নিষিদ্ধ ছাত্রলীগের ‘ধানমন্ডি-৩২’ নামের একটি গোপন গ্রুপ থেকে নেতাকর্মীদের কাছে এ সংক্রান্ত একটি বার্তা পাঠানো হয়েছে। বার্তায় মঙ্গলবার সকাল ৭টায় ধানমন্ডি-৩২ নম্বর এলাকায় জড়ো হয়ে ঝটিকা মিছিল বের করার নির্দেশনা দেওয়া হয়েছে। এমন তথ্যের পর ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বহুগুণ বাড়ানো হয়েছে।
এ বিষয়ে ধানমন্ডি থানার অপারেশন অফিসার আব্দুল কাইয়ুম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যেকোনো কার্যক্রমের বিষয়ে পুলিশ সবসময় তৎপর রয়েছে। রাজধানীতে সম্ভাব্য যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে।
তিনি বলেন, আগামীকালকে শপথ অনুষ্ঠানকে ঘিরে ধানমন্ডি-৩২ এলাকায় আমাদের তৎপরতা আরও বাড়াচ্ছি।
এদিকে মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত শপথ অনুষ্ঠানকে ঘিরে রাজধানীজুড়ে চার স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা নেওয়া হয়েছে। সোমবার রাত থেকেই সংসদ ভবন ও ধানমন্ডি এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
ডিএমপি সূত্রে জানা গেছে, পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও বিজিবির প্রায় ১৫ হাজার সদস্য নিরাপত্তা নিশ্চিত করতে সরাসরি দায়িত্ব পালন করবেন। এছাড়া বিশেষ পরিস্থিতি মোকাবিলায় সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও কে-নাইন ডগ স্কোয়াডের মতো বিশেষায়িত ইউনিটগুলোকে সার্বক্ষণিক ‘স্ট্যান্ডবাই’ রাখা হয়েছে।
এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম জানান, নতুন মন্ত্রিসভার সদস্যদের আনা-নেওয়া থেকে শুরু করে অনুষ্ঠানস্থল ও এর আশপাশের রুটগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা বজায় থাকবে।
তিনি বলেন, ‘নিরাপত্তা সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট থ্রেটের আশঙ্কা আমরা করছি না। পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে, আশা করছি উৎসবমুখর পরিবেশে শপথ অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হবে।’