Image description

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশিরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। একটি বিদেশি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে খুদে বার্তার মাধ্যমে তাকে এ হুমকি দেওয়া হয়।

সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি বিষয়টি জানিয়েছেন।

হোয়াটসঅ্যাপে পাঠানো খুদে বার্তায় লেখা হয়, ‘তোকে নির্বাচনের আগেই গুলি করা হবে, এই পৃথিবীর কেউ তোকে বাঁচাতে পারবে না। তোর লাশ রাস্তার মধ্যে পড়ে থাকবে, মনে রাখিস।’

হোয়াটসঅ্যাপে বার্তা দেওয়া ওই ব্যক্তি নিজেকে হোসাইন জাহিদ নামে পরিচয় দিয়েছেন।

ওই পোস্টে জয়নাল আবেদীন শিশির লিখেছেন, ‘আজকে আমাকে এই নম্বর থেকে অফলাইন-অনলাইনে বারবার হত্যার হুমকি দিচ্ছে। হাদি ভাইয়ের পর শহীদ হওয়ার সিরিয়ালটা কি আমার হবে? আমরা লড়াই করার জন্যই তো পৃথিবীতে এসেছি। জুলুমের বিরুদ্ধে লড়াই করে শহীদ হওয়া জীবনের সবচেয়ে বড় স্বার্থকতা নয় কি?’

তিনি আরো লিখেছেন, ‘ফ্যাসিবাদ, নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে কলম চলবে, জবাব চলবে, লড়াই চলবে। আমরা থামতে জানি না, আমরা থামব না, ইনশাআল্লাহ।’