জনপ্রিয় টিভি সিরিজ গেম অব থ্রোন্স-এর আদলে তৈরি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের ছবি সংবলিত পোস্টার চট্টগ্রাম নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে টাঙানোকে কেন্দ্র করে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক কৌতূহল ও বিতর্ক তৈরি হয়েছে। ‘উইন্টার ইজ কামিং’ লেখা এসব পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে শুরু হয়েছে নানামুখী আলোচনা-সমালোচনা। নগরীর বড়পোল ও চকবাজার এলাকায় সাম্প্রতিক সময়ে টাঙানো পোস্টারগুলোতে দেখা যায়, ডা. শফিকুর রহমান অগ্রভাগে দাঁড়িয়ে আছেন, হাতে তলোয়ার আকৃতির একটি দাঁড়িপাল্লা। পোস্টারের উপর অংশে বড় অক্ষরে লেখা ‘উইন্টার ইজ কামিং’ এবং নিচে উল্লেখ রয়েছে-‘দাদু ফ্যান ক্লাব, চট্টগ্রাম’।
গেম অব থ্রোন্স সিরিজের বহুল ব্যবহৃত সংলাপ রাজনৈতিক পোস্টারে ব্যবহারের ঘটনায় নেটিজেনরা বিষয়টিকে কেউ ব্যতিক্রমী ও কৌতূহলোদ্দীপক বলছেন, আবার কেউ সমালোচনার সুরেও কথা বলছেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব পোস্টার জামায়াত কিংবা ছাত্রশিবিরের কোনো সাংগঠনিক কর্মসূচির অংশ নয়। ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক জাহিদুল আলম জয় বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ফ্যান পেজে এসব ছবি আগে দেখা গেছে। সেখান থেকেই কেউ প্রিন্ট করে ব্যানার আকারে টাঙিয়েছে। এর সঙ্গে সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই। চট্টগ্রাম মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোরশেদুল আলম চৌধুরীও জানান, সাংগঠনিকভাবে এমন কোনো পোস্টার টাঙানোর সিদ্ধান্ত হয়নি। বিষয়টি তারা খতিয়ে দেখছেন।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াত আমীর ডা. শফিকুর রহমান দেশব্যাপী সফরে রয়েছেন। সোমবার তিনি কক্সবাজার হয়ে চট্টগ্রামে আসছেন। সফরকালে কক্সবাজারের মহেশখালী ও সদর, লোহাগাড়ার পদুয়া, সীতাকুণ্ড এবং চট্টগ্রাম মহানগরের বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে একাধিক জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেয়ার কথা রয়েছে। এই সফরকে ঘিরেই ‘দাদু ফ্যান ক্লাব’ নামের কয়েকটি অনলাইন পেজ ও গ্রুপ থেকে প্রকাশিত পোস্টারগুলো নগরে টাঙানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রাজনৈতিক প্রচারে জনপ্রিয় সংস্কৃতির প্রতীক ব্যবহারের এই ঘটনা নির্বাচন-পূর্ব সময়ে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।