Image description

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিহত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, ‘আওয়ামী সন্ত্রাসীরা যদি মনে করে যে, গোপালগঞ্জকে জিম্মি করে তারা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবে, সেটি সম্ভব নয়।’

 

রোববার (১৫ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

 

রাশেদ খাঁন বলেন, ‘গোপালগঞ্জে দেশীয় অস্ত্র, চাইনিজ কুড়াল, রাইফেল, রামদা ও লাঠিসোঁটা নিয়ে পুলিশ বক্সে অগ্নিসংযোগ, পুলিশের সাঁজোয়া যানে হামলা এবং বিভিন্ন স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর-লুটপাটের ঘটনা ঘটিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এ ধরনের অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টি করলে গোপালগঞ্জের সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন।’

 

গোপালগঞ্জবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘নৈরাজ্যকারীদের কারণে সরকারের সেবাগুলো সঠিক সময়ে গোপালগঞ্জে পৌঁছে দেওয়া সম্ভব হবে না, ফলে স্থানীয়রা নাগরিক সেবা থেকে বঞ্চিত হবেন। আপনাদের উচিত, এ নৈরাজ্যকে একতাবদ্ধ হয়ে রুখে দেওয়া। ঘরে বসে না থেকে আপনারা সবাই মাঠে নামুন এবং এদের প্রতিহত করুন।’

 

 

 

শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানোর প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আওয়ামী লীগ একটি মাফিয়া ও সন্ত্রাসীদের দল। তাদের এ অগ্নিসন্ত্রাস দেশের মানুষকে আবারও তা স্মরণ করিয়ে দিচ্ছে এবং জনগণকে ঐক্যবদ্ধ করছে।’

 

প্রধান বিরোধী দল হিসেবে জামায়াতের ভূমিকার সমালোচনা করেন রাশেদ খাঁন। তিনি বলেন, ‘জামায়াতের পক্ষ থেকে বলা হচ্ছে গোপালগঞ্জে যা হচ্ছে তা দেখার দায়িত্ব সরকারের। তাহলে আপনাদের কাজ কী? আপনারা এ গণঅভ্যুত্থানের কারণে প্রধান বিরোধী দল হয়েছেন। রাষ্ট্র পুনর্গঠনে এবং এ সন্ত্রাসীদের প্রতিহত করতে আপনাদের যেভাবে রাজপথে থাকার কথা ছিল, আপনারা কেন নেই?’

 

এ প্রসঙ্গে জনমনে ১৯৯৬ সালের মতো ভারতের সহযোগিতায় আওয়ামী লীগ ও জামায়াতের যুগপৎ আন্দোলনে যাওয়ার কোনো প্রক্রিয়া শুরু হয়েছে কি না, সে সন্দেহের কথাও উল্লেখ করেন তিনি।