Image description

দেশের বিভিন্ন প্রান্তে মসজিদের নীচে মন্দির ছিল বলে দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে বিজেপি। অযোধ্যা, কাশী থেকে মথুরা—মসজিদ ও মন্দিরের জমি নিয়ে এই রাজনৈতিক দাবি-দাওয়ার মধ্যেই এবার কলকাতায় নতুন বিতর্ক। এবার কোনও মসজিদ নয়, কসবার একটি বিরিয়ানি রেস্তোরাঁকে ঘিরে মন্দিরের জমি দখলের অভিযোগ তুলেছে বিজেপি। দলের দাবি, শিবমন্দিরের জায়গা দখল করে সেখানে বিরিয়ানির পাত্র ও রেস্তোরাঁর নানা সামগ্রী রাখা হচ্ছিল। সরিয়ে দেওয়া হয়েছে শিবলিঙ্গও। অভিযোগ অস্বীকার করেছে আরসালান কর্তৃপক্ষ। জমির মালিকের বক্তব্যেও মিলেছে ভিন্ন তথ্য।

কলকাতার টেগর পার্ক এলাকায় আরসালানের রুবি শাখার পাশের একটি জমি নিয়ে এই বিতর্ক। গত বৃহস্পতিবার বিজেপি নেতা সন্দীপ বন্দ্যোপাধ্যায় কসবা থানায় লিখিত অভিযোগ জানান। তার দাবি, সেখানে আগে শিবমন্দির ও হনুমান মন্দির ছিল। মন্দিরের জমি দখল করে রেস্তোরাঁর পরিসর বাড়ানো হয়েছে। মন্দিরের কাঠামোর উপরেও নির্মাণ হয়েছে। জায়গাটি গুদাম হিসেবে ব্যবহার করা হচ্ছিল। ফুটপাত ও খালের পাড়ের রাস্তা দখল করে গাড়ি রাখা এবং ব্যবসার কাজ চালানোর অভিযোগও তুলেছেন তিনি। খালে রেস্তোরাঁর বর্জ্য ফেলার অভিযোগও রয়েছে।

শুক্রবার কলকাতা পৌরসভার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কল্যাণ গায়েনের নেতৃত্বে পুরকর্মী ও কসবা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পৌরসভার প্রাথমিক পর্যবেক্ষণে খালের পাড়ের রাস্তা দখলের ইঙ্গিত মিলেছে। তবে জমির মালিকানা ও ওই রাস্তার দায়িত্ব কোন দফতরের, তা সেচ দফতরের নথি দেখে নিশ্চিত করা হবে। অনুমোদিত নকশার বাইরে নির্মাণ হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখবে পৌরসভা। পুলিশ সূত্রে জানা যায়, কথিত জবরদখল সরাতে রেস্তোরাঁকে ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পল জানিয়েছেন, কতটা জমি আইন মেনে ব্যবহার করা হচ্ছে, তা নির্দিষ্ট করে দেখা হবে। বেআইনি নির্মাণ পাওয়া গেলে তা ভেঙে ফেলা হবে।

তবে মন্দিরের অস্তিত্ব ও শিবলিঙ্গ সরানোর অভিযোগ নিয়ে একমত নন সংশ্লিষ্ট পক্ষগুলি। জমির মালিক বিজয় বৈদ্য জানিয়েছেন, ২০১৪ সালে তিনি সেখানে মন্দিরের কাঠামো তৈরি করেছিলেন। কিন্তু মন্দিরের কাজ শেষ হয়নি। রাজস্থান থেকে আনা দুর্গা ও হনুমানের মূর্তি পরিবহণের সময় চুরি হয়ে যায় বলেও তার দাবি। অন্যদিকে, আরসালানের ম্যানেজার বাপি চক্রবর্তী বলেছেন, জায়গাটি ফাঁকা পড়ে ছিল। সাময়িকভাবে কিছু জিনিস রাখা হয়েছিল। সেখানে কোনও বিগ্রহ ছিল না বলেও তার দাবি। বিজেপি রাজনৈতিক উদ্দেশ্যে রেস্তোরাঁকে নিশানা করছে, এমন অভিযোগও করেছেন তিনি।

বিজেপি নেতা দিলীপ ঘোষের বক্তব্য, বেআইনিভাবে জমি দখল হয়ে থাকলে তা বুলডোজার দিয়ে মুক্ত করা উচিত। ফলে এখন নজর পৌরসভা ও পুলিশের তদন্তে। মন্দিরের জমি দখল হয়েছিল কি না, শিবলিঙ্গ আদৌ সেখানে প্রতিষ্ঠিত ছিল কি না—তার উত্তর মিলবে নথি ও তদন্তেই।