কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতি হিসেবে ‘বেস্ট রাইজিং স্টার এআই ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন রাজশাহীর তরুণ প্রযুক্তি উদ্যোক্তা মো. নাহিদ আলম। ‘বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৬’-এর আওতায় তাকে এ সম্মাননা দেওয়া হয়।
গত শনিবার (১৪ নভেম্বর) বিকেলে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আয়োজিত অনুষ্ঠানে অভিনেত্রী সাবিলা নূরের হাত থেকে সম্মাননা গ্রহণ করেন নাহিদ।
নাহিদ আলম রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পড়াশোনা শেষ করেছেন। বর্তমানে তিনি নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে অধ্যয়নরত।
নাহিদের উল্লেখযোগ্য উদ্যোগের মধ্যে রয়েছে ‘ লেক্সগ্লোবাল বিডি’ নামের একটি কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর প্ল্যাটফর্ম। এর মাধ্যমে সাধারণ মানুষের কাছে আইনি তথ্য ও সেবা সহজলভ্য করার লক্ষ্যে কাজ করছেন তিনি। প্রযুক্তির সহায়তায় আইনি তথ্যপ্রাপ্তির সুযোগ সম্প্রসারণ এবং ডিজিটাল আইনি সেবার বিকাশে অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
সম্মাননা পাওয়ার পর নিজের অনুভূতি জানিয়ে নাহিদ আলম বলেন, ‘যেকোনো কাজের জাতীয় স্বীকৃতি সব সময়ই আনন্দের এবং তা দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেয়। বর্তমান বিশ্বে এআই প্রযুক্তির ব্যবহার দ্রুতগতিতে বাড়ছে। বাংলাদেশের প্রেক্ষাপটে সাধারণ মানুষের দোরগোড়ায় প্রযুক্তিনির্ভর আইনি সেবা পৌঁছে দেওয়ার স্বপ্ন থেকেই আমার এই পথচলা। এই অর্জন আমাকে ভবিষ্যতে আরও নতুন ও জনকল্যাণমুখী উদ্ভাবনে অনুপ্রাণিত করবে।’
এর আগে, গত অক্টোবরে চূড়ান্ত মনোনয়ন পান নাহিদ আলম। মনোনয়ন পাওয়ার পর তার এআইভিত্তিক উদ্যোগ নিয়ে প্রযুক্তি অঙ্গনে আলোচনা শুরু হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।