ঢাকার আশুলিয়ায় নাশকতার পরিকল্পনা ও গোপন বৈঠকের প্রস্তুতির অভিযোগে লিটন মাদবর নামে এক যুবলীগ নেতাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে নবীনগর ডিওএইচএস-সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক লিটন মাদবর আশুলিয়ার আড়াগাঁও এলাকার রকমান মাদবরের ছেলে। তিনি আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি। তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানকেন্দ্রিক একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় নবীনগর এলাকায় নাশকতার পরিকল্পনা ও গোপন বৈঠকের প্রস্তুতি চলছিল বলে খবর পান ছাত্রদলের নেতাকর্মীরা। পরে পাথালিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম শাওনের নেতৃত্বে তারা সেখানে গিয়ে লিটন মাদবরকে আটক করেন। খবর পেয়ে নবীনগর স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের এসআই সোহাগের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে পুলিশের কাছে হস্তান্তর করেন।
পাথালিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম শাওন বলেন, তারা দলীয় অনুষ্ঠানে অংশ নিতে নবীনগর এলাকায় গিয়েছিলেন। সেখানে নাশকতার পরিকল্পনা চলার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে লিটন মাদবরকে আটক করেন। পরে পুলিশকে খবর দিলে তারা এসে তাকে নিয়ে যায়।
তিনি আরও অভিযোগ করেন, আশুলিয়ায় আওয়ামী লীগের মিছিল-মিটিংসহ বিভিন্ন কার্যক্রমের অর্থ লেনদেন মূলত লিটন মাদবরের মাধ্যমে পরিচালিত হতো।
নবীনগর স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সোহাগ বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে নবীনগর এলাকা থেকে লিটন মাদবরকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। সম্প্রতি বিভিন্ন নাশকতার সঙ্গে তার জড়িত থাকার তথ্য প্রাথমিকভাবে পাওয়া গেছে বলেও জানান তিনি।