‘কুমিল্লা বাঁচাতে’ দল-মতনির্বিশেষে একজন যোগ্য মেয়র খুঁজে দেওয়ার আহ্বান জানিয়েছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তিনি বলেছেন, একজন ভালো মেয়র পেলে নগরীর উন্নয়নে বাকি কাজগুলো তিনি করবেন। অন্যদিকে কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেছেন, তিনি সংসদ সদস্যের অধীন নন। প্রধানমন্ত্রী তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন। দুই ব্যক্তির এমন বক্তব্যে কুমিল্লা নগরীর নেতৃত্ব, উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক সমন্বয় নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
গত শনিবার (১৪ নভেম্বর) বিকেলে নগরীর নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক নাগরিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে যোগ্য মেয়র নির্বাচনের ওপর গুরুত্ব দেন সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।
তিনি বলেন, ‘ভাই, বন্ধু, দল না দেখে কুমিল্লার জন্য একজন ভালো মেয়র খুঁজে দেন, যে আমাকে সঙ্গ দিতে পারবে। কুমিল্লার জন্য এখন ফরজ একটি কাজ, সবাই মিলে একজন ভালো মেয়র দেখেন। দল, গোষ্ঠী, কালার, পুরুষ না মহিলা কিছু না দেখে একজন ভালো মেয়র দেখেন। বাকি কাজগুলো আমি করব।’
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি বলি না উড়ে ভোট দেন। যদি একজন ভালো মেয়র দিতে পারেন, তাহলে কুমিল্লা বাঁচবে। আর তা না হলে ধ্বংসের হাত থেকে রক্ষা নেই।’
নগরীর উন্নয়নকাজের মান নিয়েও প্রশ্ন তোলেন মনিরুল হক চৌধুরী। তিনি বলেন, ‘ড্রেন করলাম, এটা দিয়ে পানি যায় না। কে এটার বিচার করবে!’ কুমিল্লার মাঝারি শহর উন্নয়ন প্রকল্পের ৩০ কোটি টাকা কোথায় ব্যয় হয়েছে, সেই প্রশ্নও তোলেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পাপ যে বাপকে ছাড়ে না, তা দেখাই দেন।’
সংসদ সদস্যের ভাষ্য, শুধু প্রকল্প গ্রহণ কিংবা সরকারি সিদ্ধান্তের মাধ্যমে নগরীর সমস্যার সমাধান সম্ভব নয়। উন্নয়নকাজের মান নিশ্চিত করতে নাগরিকদের সচেতন ও সোচ্চার হতে হবে। ব্যক্তিস্বার্থে কাজ করা ব্যক্তিদের চিহ্নিত করে নগরীর স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
অন্যদিকে রোববার (১৫ নভেম্বর) বিকেলে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, কুমিল্লা সিটি করপোরেশন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্যের অধীনস্থ নয়। প্রধানমন্ত্রী তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন। তিনি বলেন, ‘ওনার কাছে কেন যাব? মাননীয় প্রধানমন্ত্রী আমাকে প্রশাসক বানিয়েছেন।’
নিজের দায়িত্ব পালনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগের কথা উল্লেখ করে ইউসুফ মোল্লা টিপু বলেন, ‘আবেদনপত্র নিয়ে কেউ যেন আমার কাছে না আসেন। আমি কেন আবেদনপত্র নিয়ে তার কাছে যাব? স্থানীয় সরকারকে আমি চিনি, মন্ত্রীদের সঙ্গে আমার ব্যক্তিগত ও রাজনৈতিক সম্পর্ক রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীও আমাকে চেনেন এবং তিনি আমাকে দায়িত্ব দিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘আমার এলাকায় কোনো জটিলতা, সমস্যা কিংবা প্রয়োজন দেখা দিলে সেগুলো নিয়ে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি কথা বলব। এ জন্য কেন আমাকে অন্য কারও কাছে যেতে হবে?’
নিজের রাজনৈতিক পরিচয় ও দায়িত্বের অবস্থান তুলে ধরে প্রশাসক বলেন, ‘আমি কুমিল্লা-৬ আসনের মাননীয় সংসদ সদস্যের অধীনস্থ কেউ নই। আমার নিজস্ব রাজনৈতিক পরিচয়, অবস্থান ও দায়িত্ব রয়েছে। তাই আমার কাছে কোনো আবেদনপত্র নিয়ে আসার প্রয়োজন নেই। এলাকার সমস্যা সমাধানে আমি আমার নিজস্ব যোগাযোগ ও দায়িত্বের জায়গা থেকেই কাজ করব।’