গোপালগঞ্জে সাম্প্রতিক অগ্নিসংযোগ, ভাঙচুর ও বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এসব ঘটনাকে কেবল সরকারের নয়, বরং পুরো রাষ্ট্রযন্ত্রের চরম ব্যর্থতার বহিঃপ্রকাশ হিসেবে অভিহিত করেছেন তিনি।
রোববার (১৫ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এ সমালোচনা করেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘গোপালগঞ্জে নাশকতা, অগ্নিসংযোগ, ভাঙচুর, পুলিশের ওপর হামলা; বিভিন্ন স্থাপনা ও রাজনৈতিক দলের কার্যালয়ে হামলার ঘটনা ঘটছে। এসব দেখে কি মনে হয়, এটি বাংলাদেশ নামক রাষ্ট্রের একটি অংশ?’
রাষ্ট্রের দায়িত্ব ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে জামায়াতের শীর্ষ এ নেতা। তিনি বলেন, ‘রাষ্ট্রের সব অঙ্গ, প্রশাসনিক স্থাপনা ও অবকাঠামোর অভিভাবক হিসেবে এগুলোর তত্ত্বাবধান, নিরাপত্তা নিশ্চিত করা এবং নিয়ন্ত্রণ বজায় রাখার দায়িত্ব রাষ্ট্রের। অথচ চলমান পরিস্থিতিতে রাষ্ট্রের কোনো অভিভাবক আছে কি না, তা নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে। রাষ্ট্রবিরোধী শক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে সরকার ও রাষ্ট্র উভয়ই ব্যর্থতার পরিচয় দিচ্ছে।’
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, ‘যারা জনগণের কাছে করা ওয়াদা ভঙ্গ করে এবং গণআকাঙ্ক্ষা ও গণরায়কে উপেক্ষা করে, তাদের প্রতি জনগণের আস্থা থাকার কথা নয়। চলমান পরিস্থিতিই প্রমাণ করে যে, এ সরকারের সঙ্গে জনগণ নেই।’
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যেরও সমালোচনা করেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘দেশের মানুষ যখন নিজের চোখে এসব দৃশ্য দেখছে, তখন স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য তাদের কাছে শুধু হাস্যকরই নয়, বরং বাস্তবতাকে অস্বীকার করার শামিল।’