নিজ বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের দেওয়া বক্তব্যের পর তদন্ত কার্যক্রম সুষ্ঠু হবে কিনা— এমন সন্দেহ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংরক্ষিত এমপি নুসরাত তাবাসসুম। আজ রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় সংসদ অধিবেশন চলাকালে এক বক্তব্যে তিনি এমন শঙ্কা প্রকাশ করেন।
এমপি নুসরাত তাবাসসুম বলেন, আমার বসতবাড়িকে পরিত্যক্ত বলা হয়েছে, এটা নিয়ে আমার দুঃখ না। আমার দুঃখ হচ্ছে সুষ্পষ্ট সিসিটিভি ফুটেজ সংবাদমাধ্যমের কাছে যদি পৌঁছে গিয়ে থাকে, তাহলে সেটা তদন্ত যারা করছিল তারাও পেয়েছে এবং তারা দেখেছে যে একটি বাড়ি থেকে পরপর মানুষ বের হয়ে আসছে। তারপরেও একটি বাড়ি কিভাবে পরিত্যক্ত হতে পারে?
তিনি বলেন, সংসদে মিনিমাম পাঁচ থেকে ছয়বার এই শব্দটি উচ্চারণ করা হয়েছে এবং এটা আরোপ করার চেষ্টা হয়েছে যে বাড়িটি আসলে পরিত্যক্ত ছিল। পরিত্যক্ত যদি হতো, তাহলেও এই আগুন সন্ত্রাস কিভাবে প্রভাবিত হতো আমার জানা নেই।
নুসরাত বলেন, আমি এই সংসদের সর্বকনিষ্ঠ সদস্য। আমি আমার সহকর্মীদের কাছ থেকে এতটুকু সংবেদনশীলতা-সহমর্মিতা আশা করেছিলাম। এই জাতীয় সংসদে একজন দায়িত্বশীল ব্যক্তি, যিনি কিনা আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে সর্বোচ্চ ওপরে রয়েছেন— তিনি যখন তদন্ত চলাকালীন, তদন্ত আলামত নেওয়া হচ্ছে এই মুহূর্তে কোনো একটি রেজাল্ট বলে ফেলেন কিংবা কোনো একটি কথা বলে ফেলেন যেটা তদন্তের রিপোর্টে আসতে পারে— তখন আসলে বিষয়টা ‘সম্ভাব্য’ থাকে না। তখন বিষয়টি ‘আরোপিত’ থাকে।
তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে আমলাতান্ত্রিকতা আমরা তো সবাই জানি। যখন কর্তা ব্যক্তির মুখ থেকে এরকম কোনো রেজাল্টের কথা আসে, তখন অধস্তন যারা রয়েছে তারা কর্তা ব্যক্তিকে খুশি করার জন্য এই ধরনের রিপোর্ট তৈরির একটি সম্ভাবনা থেকেই যায়। আমি বলছি না যে এমন কোনো ঘটনা ঘটবে, কিন্তু আমি শুধু এটাই বলতে চাচ্ছি যে এই সংসদে দাঁড়িয়ে তদন্ত চলাকালীন সময়ে যে ধরনের কথা হয়েছে তাতে সুষ্ঠু তদন্ত নিয়ে আমি সন্দিহান আছি।
সংরক্ষিত আসনের এই সদস্য বলেন, একটি ঘটনার পরে যখন সন্ত্রাসীরা উল্লাস করে, যখন সোশ্যাল মিডিয়ায় এসে সেটার দায় স্বীকার করে, তারপরেও তাকে দায় মুক্তি দেওয়া আসলে কতটা যুক্তিযুক্ত? আমরা দেখেছি যে ভরদুপুরে ঘটে যাওয়া ককটেল হামলাকে বলা হয়েছে রাতের ককটেল হামলা, বলা হয় সাতটি ককটেল হামলা— যেখানে মাত্র দুই-তিন দিনের মধ্যে অনেকগুলো ঘটেছে।
এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ নুসরাত তাবাসসুমকে থামিয়ে দিয়ে বলেন, আপনি আপনার সাবজেক্টেই থাকেন।
নুসরাত তখন বলেন, যখন সোশ্যাল মিডিয়াতে দায় স্বীকার করে এবং আমাকে আগে পরে হুমকি দিয়ে আমার লাশ ছ্যাঁচরাতে ছ্যাঁচরাতে নিয়ে যাওয়া হবে— এ ধরনের কথা উল্লেখ করে যখন হুমকি দেওয়া হয়, তারপরে আমরা মানবতার কথা বলি, আমরা দায় মুক্তি দেওয়ার কথা বলি! আমার বাড়িতে যেভাবে আগুন দেওয়া হয়েছিল ওই একই প্যাটার্নে আজকে সারাদিন কিন্তু গোপালগঞ্জ জ্বলছে। বিএনপির, ছাত্রদলের, যুবদলের অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে। একই প্যাটার্নে সোশ্যাল মিডিয়াতে আমরা এই উল্লাসের তামাশাটা দেখতে পাচ্ছি।
তিনি বলেন, আমার শুধু এতটুকু আফসোস যে শুধুমাত্র ‘তদন্ত চলছে’— এটুকু বললেই হত। এখানে কোনো দায়মুক্তি দেওয়ার কথা না বললেও চলত। আজকে কিন্তু আমরা দেখেছি যে আসলে কী শুরু হয়েছে। প্রকাশ্যে বলছে, এনসিপি এবং বিএনপি— তোমরা তোমাদের প্রাণ নিয়ে পালাও। টার্গেট আসলে কারা, জুলাইয়ের যারা সম্মুখে ছিল তারা।
তিনি আরও বলেন, আমার সাথে ঘটে যাওয়া ঘটনার পরে আমি আমার এবং আমার পরিবারের এবং জুলাইয়ের সকল অগ্রসেনানীর নিরাপত্তা চাচ্ছি। আর আমার শুধু একটাই প্রশ্ন— আমার সাথে ঘটে যাওয়া ঘটনার প্রতিকার আমি কবে এবং কিভাবে পাব?