Image description

দেশের প্রতিটি অঞ্চলে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গু রোগীদের খাওয়াতে চাহিদা বেড়েছে মাল্টার। প্রতিদিন লাফিয়ে বাড়ছে মাল্টার দাম। পুষ্টির চাহিদা পূরণে সারা বছরই কমবেশি ফলের চাহিদা থাকে। তবে জ্বর বা ডেঙ্গুর মতো মশাবাহিত রোগের কারণে মাল্টা, কমলা ও ডাবের চাহিদা বাড়ে। যদিও দামের ঊর্ধ্বগতিতে মধ্যবিত্তের কাছে ফল এখন বিলাসী পণ্য। ডেঙ্গু রোগী বাড়লে আর রমজান মাস শুরু হলে ফলের দাম বেড়ে যায়। এক বছরের ব্যবধানে মাল্টা ও কমলার দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। হাসপাতালের বেডে ডেঙ্গুতে আক্রান্ত রোগী যখন ছটফট করছেন, তখন চিকিৎসকরা আক্রান্তদের শরীর চাঙা রাখতে এবং রক্তে প্লাটিলেটের মাত্রা ঠিক রাখতে প্রচুর তরল, ডাবের পানি ও ভিটামিন সি-সমৃদ্ধ ফল খাওয়ার পরামর্শ দেন।

চিকিৎসকের এ পরামর্শই যেন একশ্রেণির অসাধু ব্যবসায়ীর কাছে বাড়তি মুনাফার হাতিয়ার হয়ে দাঁড়ায়। প্রিয়জনের জীবন বাঁচাতে বাধ্য হয়েই বাড়তি দামে কিনতে হয় এসব ফল। খুচরা বাজারে বিদেশি মাল্টা আকার ও মান অনুসারে এখন বিক্রি হচ্ছে ৪৫০ টাকা থেকে ৫০০ টাকা দামে। আর দেশি সবুজ মাল্টা বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকায়। তবে কমলার দাম মাল্টার দামকে ছাড়িয়ে ৫০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। ডাব বিক্রি হচ্ছে প্রতি পিস প্রায় ১৫০ টাকা করে। সরবরাহ সংকটের অজুহাতে মাল্টা ও কমলার দাম ৫০০ টাকা ছাড়িয়েছে। নিরুপায় হয়ে অনেক রোগী দেশি ফল পাকা পেঁপে, পেয়ারা, জাম্বুরা, আমড়া, সবুজ মাল্টা ইত্যাদি কিনছেন। 

গতকাল রাজধানীর খিলক্ষেত বাজার ঘুরে ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ডেঙ্গুর প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে ফলের দাম বেড়েছে। আমদানীকৃত ফলের মধ্যে সবচেয়ে বেশি দাম বেড়েছে মাল্টার। বাজারে আমদানি করা প্রতি কেজি মাল্টা বিক্রি হচ্ছে মানভেদে ৪৫০ থেকে ৫০০ টাকায়। কোথাও কোথাও আরও একটু বেশি। এক মাস আগেও ঢাকার বিভিন্ন বাজারে প্রতি কেজি মাল্টার দাম ছিল প্রায় ৩০০ টাকা। সেই হিসাবে এক মাসে মাল্টার দাম কেজিতে প্রায় ২০০ টাকা বেড়েছে। আমদানি করা মাল্টার দাম সবচেয়ে বেশি বাড়লেও সবুজ রঙের দেশি মাল্টা বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা কেজিতে। বাজারে দেশি মাল্টার সরবরাহ বেশি থাকলেও এটির বিক্রি তুলনামূলক কম। 

তাই এ ফলের দাম কম হলেও চাহিদা কম। কমলা ৫০০ থেকে ৫৫০ টাকা। ডাব আকারভেদে প্রায় ১৫০ টাকা। এ ছাড়া দেশি প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে মানভেদে ৮০ থেকে ১৫০ টাকায়। আকারভেদে একেকটি জাম্বুরার দামও ৫০ থেকে ১৫০ টাকা। খিলক্ষেত বাজারের ফল বিক্রেতা হামিদুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, গত বছরের এ সময়ের তুলনায় এবার ফলের দাম বেশি। এর মধ্যে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি দাম বেড়েছে গত এক মাসে। মাল্টার দাম আগে কখনো এত বাড়তে দেখিনি। কমলার দামও এখন ৫০০ টাকার ওপরে।