গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামানের জালিয়াতির আখ্যান নিয়ে কালবেলায় সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
অতিরিক্ত সচিব (পরিকল্পনা ও উন্নয়ন অনুবিভাগ) আব্দুল মতিনকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন যুগ্ম সচিব দেবময় দেওয়ান ও আসাদুজ্জামান রিপন। কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।
তদন্ত কমিটি গঠন করে গতকাল রোববার একটি চিঠি ইস্যু করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
গণপূর্তের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরীকে নিয়ে ‘জালিয়াতির জাল বুনে খালেকুজ্জামানের রাজত্ব’ শিরোনামে রোববার সংবাদ প্রকাশ করে কালবেলা। সংবাদটি প্রকাশের পর বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। বিষয়টি আমলে নিয়ে এদিনই তদন্ত কমিটি গঠন করে মন্ত্রণালয়।
গত বছর থেকে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হিসেবে (চলতি দায়িত্ব) পালন করছেন খালেকুজ্জামান। দায়িত্ব নেওয়ার পর থেকেই তার বিরুদ্ধে পদায়ন, বদলি বাণিজ্য, টেন্ডারের অনিয়ম-দুর্নীতি, ভুয়া পিএইচডি, পদোন্নতিতে জ্যেষ্ঠতা লঙ্ঘনসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। তিনি প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্বে থাকায় অন্য যারা প্রধান প্রকৌশলী হওয়ার দৌড়ে আছেন—প্রতিযোগী মনে করে তাদের জুলাই অভ্যুত্থানে ছাত্র-হত্যার মামলায় ফাঁসানো এবং হয়রানির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড, নিয়ম লঙ্ঘন, দুর্নীতির তথ্য-উপাত্ত তুলে সংবাদ প্রকাশ করে কালবেলা। একই সঙ্গে তার সিন্ডিকেটের তিন সদস্যেরও বিভিন্ন তথ্য তুলে প্রতিবেদন প্রকাশ করা হয়।