Image description

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনুল ইসলাম হাসপাতালে দায়িত্বরত অবস্থায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার মৃত্যুতে সহকর্মী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। 

শনিবার বেলা আড়াইটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোনা জেলা সিভিল সার্জন ডা. গোলাম মাওলা।

মোমেনুলের বাড়ি কুড়িগ্রামের রৌমারী উপজেলায়। ২০২৫ সালের মে মাসে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেন তিনি। রাজশাহী মেডিক্যাল কলেজ থেকে (৩৩ তম ব্যাচ) এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। তিনি একজন সার্জন ছিলেন।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোমেনুল ইসলাম সকালে একটি সভা শেষে হঠাৎ অসুস্থতাবোধ করেন এবং অল্প কিছুক্ষণের মধ্যেই রক্তবমি করেন। পরে মোহনগঞ্জ হাসপাতালেই চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে দুপুর ২টা ৩০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগের পরিচালক প্রদীপ কুমার সাহা বলেন, ‘বর্তমানে মোমনুল ইসলামের মরদেহ হিমাগারে রাখা হয়েছে।’

মোমেনুল ইসলামের মৃত্যুতে নেত্রকোনা জেলা সিভিল সার্জন ডা. গোলাম মাওলাসহ মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা শোক প্রকাশ করেছেন।