ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রধান ক্যান্টিনের খাবারে ব্লেড পাওয়ার অভিযোগ তুলেছেন এক আবাসিক শিক্ষার্থী। অভিযোগকারী বাঁধন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
তিনি জানান, শনিবার (৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে হলের প্রধান ক্যান্টিন থেকে এক ছোট ভাই তার জন্য ভাত, খিচুড়ি, কালাভুনা ও সবজি এনে দেন। প্রথমে তিনি কিছুটা খাবার খাওয়ার পর কালাভুনা ও তরকারি দিয়ে খেতে গিয়ে খাবারের মধ্যে একটি ধারালো ব্লেড দেখতে পান।
দ্য ডেইলি ক্যাম্পাসকে তিনি বলেন, প্রথমে কিছুটা খাবার খেয়েছিলাম। পরে তরকারি দিয়ে খাওয়ার সময় হঠাৎ দেখি খাবারের মধ্যে ব্লেডের মতো একটি ধারালো বস্তু রয়েছে। সঙ্গে সঙ্গে রুমমেটদের ডেকে বিষয়টি দেখাই। এরপর ঘটনার ছবি তুলে হলের শিক্ষার্থীদের গ্রুপে পোস্ট করি।
তিনি আরও বলেন, এটি খুবই ভয়াবহ একটি ঘটনা। ব্লেডটি যদি অসাবধানতাবশত মুখে চলে যেত, তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। ভবিষ্যতে অন্য কারও সঙ্গেও এমন ঘটনা ঘটতে পারে।
তবে ঘটনার পরপরই হল প্রশাসন বা ক্যান্টিন কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেননি বলে জানান বাঁধন। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রকাশের পর প্রশাসনের সঙ্গে কথা বলার বিষয়ে তিনি চিন্তা করছেন।
এ ঘটনায় হলের প্রধান ক্যান্টিনে খাবারের মান, পরিচ্ছন্নতা ও তদারকি আরও জোরদারের দাবি জানান তিনি, যাতে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যায়।
এ বিষয়ে জানতে চাইলে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদের ভিপি আহসান হাবিব দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা নিয়মিত হলের ক্যান্টিনগুলোর তদারকি করছি। গতকালও একটি অভিযান পরিচালনা করেছি। তখন বড় ধরনের কোনো সমস্যা চোখে পড়েনি। তবে আজ যে ঘটনাটি ঘটেছে, এটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত।
তিনি আরও বলেন, বিষয়টি ইতোমধ্যে প্রভোস্ট স্যারকে জানিয়েছি। আমি বর্তমানে হলের বাইরে থাকায় তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে পারিনি। তবে যত দ্রুত সম্ভব হলে ফিরে এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। শিক্ষার্থীদের নিরাপদ ও মানসম্মত খাবার নিশ্চিত করতে আমরা সবসময় কাজ করছি এবং খাবারের গুণগত মান বজায় রাখতে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে।