Image description

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে এক দর্জিকে মারধরের অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত আজগর আলী (৪৫) নামের ওই দর্জিকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৫ জুলাই) সন্ধ্যায় আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, কাজ শেষে বাসায় ফেরার উদ্দেশ্যে আজগর আলী আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড থেকে রিকশায় উঠতে গেলে পূর্ব বিরোধের জেরে তেঘরিয়া ইউনিয়ন বিএনপির সদস্য গাজী জাহাঙ্গীরের ছেলে গাজী সায়মনের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা ব্যবহার করে তাকে বেধড়ক মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কাছের একটি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল এলাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়।

আহতের বড় ভাই আবু অভিযোগ করে বলেন, ‘গাজী সায়মনের নেতৃত্বে কয়েকজন অতর্কিত হামলা চালিয়ে আমার ভাইকে গুরুতর আহত করেছে। হামলার পর থানায় অভিযোগের উদ্যোগ নিলে আমাদের গুলি করে হত্যার হুমকিও দেওয়া হয়েছে।’

তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

তবে অভিযোগ অস্বীকার না করে বিএনপি নেতা গাজী জাহাঙ্গীর বলেন, ‘আমার ছেলের সঙ্গে কিছুটা ঝামেলা হয়েছে বলে শুনেছি। তবে সে কাউকে মারধর করেছে কি না, সে বিষয়ে আমি নিশ্চিত নই। বিস্তারিত খোঁজ নিয়ে পরে বলতে পারব।’

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’