জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করতে সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অর্থ মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের একজন কর্মকর্তা যুগান্তরকে বলেন, ‘প্রধানমন্ত্রী ২০২৬-২৭ অর্থবছরের প্রথমদিন থেকেই নতুন পে-স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত দিয়েছেন। আমরা জুলাই থেকে নতুন কাঠামোতে বেতন পাব, এতে কোনো সংশয় নেই।’ আগামী বাজেট নিয়ে বুধ-বৃহস্পতিবার টানা দুদিন সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে ধারাবাহিক বৈঠকের প্রথমদিন বুধবার প্রধানমন্ত্রী পে-স্কেল নিয়ে বাস্তবায়নে ইতিবাচক সিদ্ধান্তের কথা সংশ্লিষ্টদের জানিয়ে দেন। খবর সংশ্লিষ্ট সূত্রের।
নতুন বেতন কাঠামো কয়েক ধাপে বাস্তবায়ন করা হবে। নতুন বেতন কাঠামোর কত অংশ জুলাই থেকে দেওয়া হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, তিন বছরে পুরো বেতন কাঠামো বাস্তবায়ন করা হতে পারে। এর মধ্যে ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামোর বর্ধিত মূল বেতনের ৫০%, পরের ২০২৭-২৮ অর্থবছরে বাকি ৫০% দেওয়া হতে পারে। আর ২০২৮-২৯ অর্থবছরে যুক্ত হতে পারে ভাতাগুলো। এতে মূল্যস্ফীতির ওপর চাপ যেমন কম হবে, তেমনি সরকারের অর্থায়নও সহজ হবে। তবে আগামী অর্থবছর থেকে মূল বেতনের অর্ধেক দিতে ৩০ হাজার কোটি টাকারও বেশি সংস্থান রাখা হচ্ছে বলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। চলতি অর্থবছর সরকারের প্রায় ১৫ লাখ কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতায় প্রায় ৮৫ হাজার কোটি টাকা বরাদ্দ রয়েছে। সে অনুযায়ী আগামী অর্থবছরের জন্য অর্থমন্ত্রীর খসড়া বাজেট বক্তব্যে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের কথা উল্লেখ করেছেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
প্রধানমন্ত্রীর সামনে বেতন কাঠামো বাস্তবায়নের জন্য অর্থ বরাদ্দের পরিকল্পনা ও ধাপে ধাপে বাস্তবায়নের প্রসঙ্গ তুলে ধরলে তিনি তাতে সম্মতি দিয়ে জুলাই থেকে কার্যকর করার নির্দেশনা দিয়েছেন। বাজেট নিয়ে টানা দুদিনের ওই বৈঠকে অর্থ বিভাগের বরাদ্দ, সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর ও ভ্যাট আহরণ সম্পর্কে জানতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই বৈঠকে বাজেটের রূপরেখা, আকার, খাতভিত্তিক বরাদ্দ এবং সরকারি চাকরিজীবীদের পে-স্কেলের বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, বাংলাদেশ ব্যাংক গভর্নর মো. মোস্তাকুর রহমান, অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদারসহ অর্থবিভাগ ও এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনা পাওয়ার পর আজ থেকে নবম পে-স্কেলের বিষয়ে পুনর্গঠিত কমিটি তাদের সুপারিশ তৈরির কাজ দ্রুত এগিয়ে নিতে কাজ শুরু করবে। এ সুপারিশ তৈরি হওয়ার পর তা সরকারের কাছে জমা দেওয়া হবে। এতে প্রথম বছর শেষে পরের দুই অর্থবছরে বাকি অর্ধেক মূল বেতন এবং বিভিন্ন ধরনের ভাতা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।
সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন ২৩ সদস্যের বেতন কমিশন ২১ জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে বেতন-ভাতা বৃদ্ধির সুপারিশ সংবলিত প্রতিবেদন জমা দেয়। তখন প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ১৪ লাখ সরকারি কর্মচারী ও ৯ লাখ পেনশনভোগীর জন্য সরকারের বর্তমান ব্যয় ১ লাখ ৩১ হাজার কোটি টাকা। কমিশনের প্রস্তাব বাস্তবায়নে প্রয়োজন হতে পারে আরও ১ লাখ ৬ হাজার কোটি টাকা। বেসামরিক কর্মচারীদের পাশাপাশি জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন ও সশস্ত্র বাহিনীর জন্যও বেতন কমিটির প্রতিবেদন প্রস্তুত হয়েছে। তিনটি প্রতিবেদন বিশ্লেষণ করে বাস্তবায়নের সুপারিশ তৈরির জন্য বিএনপি সরকার গত মাসে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে ১০ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করে। এই কমিটিই তিন ধাপে বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করবে।
এতে সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণ করা হয়। প্রস্তাবিত কাঠামোয় ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ রয়েছে। তবে গ্রেড রাখা হয়েছে আগের মতো ২০টি। সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ১:৮, যা আগে ছিল ১:৯ দশমিক ৪। সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা প্রস্তাব রাখা হয়েছে। চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করতে ১,০৬,০০০ কোটি টাকা এবং পেনশনারদের জন্য অতিরিক্ত প্রায় ২৫,০০০ কোটি টাকার প্রয়োজন হবে। এ প্রসঙ্গে সাবেক অর্থ সচিব মাহবুব আহমেদ যুগান্তরকে বলেন, মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে সরকারি চাকরিজীবীদের বেতনভাতা বাড়ানোর বিষয়টি ঠিকই আছে। আবার অর্থের জোগানের বিষয়টিও গুরুত্বপূর্ণ। এ বাস্তবতায় ধাপে ধাপে বেতন বাড়ানোর বিষয়টি সরকারের ভালো উদ্যোগ। সরকারের বর্তমান রাজস্ব আহরণ পরিস্থিতি ও দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়নের সুপারিশ করে সরকার গঠিত কমিটি।