Image description

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ট্রেন ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত ৮ জন, আহত হয়েছেন ৩৫ জন। সংঘর্ষের পর আগুন ধরে যায় বাসে এবং ক্ষতিগ্রস্ত হয় আশপাশের কয়েকটি যানবাহনও।

শনিবার বিকেলে শহরের কেন্দ্রস্থলে একটি বিমানবন্দর রেল সংযোগ স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম ও উদ্ধারকারী সংস্থা।

নিহতের সংখ্যা নিশ্চিত করেছে জরুরি সেবা সংস্থা ইরাওয়ান মেডিকেল সেন্টার। ব্যাংকক পুলিশের প্রধান উরুমপর্ন কুনডিজসমরিত এএফপিকে জানিয়েছেন, আহত হয়েছেন অন্তত ৩৫ জন।

থাই উপপরিবহনমন্ত্রী সিরিপং আংকাসাকুলকিয়াত ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, বাসের ভেতরেই ছিলেন নিহত সবাই। তবে বাসে মোট কতজন যাত্রী ছিলেন তা এখনো নিশ্চিত নয়।

প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানানো হয়েছে তার দপ্তর থেকে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বিকেল প্রায় ৩টা ৪০ মিনিটে ঘটে এ দুর্ঘটনাটি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেল ক্রসিং এলাকায় নিরাপত্তা ব্যারিয়ার নামার সময় আটকে পড়ে বাসটি। এরপর বাসটিকে ধাক্কা দিয়ে টেনে নিয়ে যায় ফ্রেইট ট্রেনটি, পরে আগুন ধরে যায় বাসে।

ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা, পরে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয় হতাহতদের। এ সময় সহায়তা করেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরাও।

প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকর্মীদের বরাতে জানা যায়, সংঘর্ষের সময় এলাকাটি ছিল অত্যন্ত ব্যস্ত। ঘটনাস্থল থেকে একাধিক ছবি ও ভিডিওতে দেখা গেছে আগুন, ধোঁয়া এবং মানুষের জটলা।

এর আগেও চলতি বছরের জানুয়ারিতে ব্যাংককের উত্তর-পূর্বাঞ্চলে একটি নির্মাণ ক্রেন ট্রেনের ওপর পড়ে নিহত হন ২৮ জন।