Image description

আগামী ২০২৬-২৭ অর্থবছরের উন্নয়ন বাজেট বা বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) গুরুত্ব পেয়েছে শিক্ষা, স্বাস্থ্য এবং পরিবহণ ও যোগাযোগ খাত। এডিপির ৪৪ দশমিক ৪ শতাংশ অর্থ বরাদ্দ পেয়েছে এই তিন খাত। এবারের এডিপির আকার নির্ধারণ করা হয়েছে ৩ লাখ কোটি টাকা, যা এ যাবৎকালে সর্বোচ্চ। শনিবার রাজধানীর আগারগাঁওয়ের পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকেন্দ্রে আগামী অর্থবছরের এডিপির আকার চূড়ান্ত করা হয়। এতে সভাপতিত্ব করেন পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

পরিকল্পনা কমিশন সূত্র জানায়, ১৮ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা অনুষ্ঠিত হবে। যেখানে নতুন এডিপি অনুমোদন করা হবে। নথি বিশ্লেষণে দেখা যায়, ২০২৫-২৬ অর্থবছরের তুলনায় এডিপির আকার বৃদ্ধি পেয়েছে ৩০ দশমিক ৪৩ শতাংশ। আর সংশোধিত এডিপির তুলনায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে এডিপির আকার ছিল ২ লাখ ৩০ হাজার কোটি টাকা এবং সংশোধনীতে ৩০ হাজার কোটি টাকা কমে দাঁড়ায় ২ লাখ কোটি টাকায়। আগামী ২০২৬-২৭ অর্থবছরের এডিপির ৩ লাখ কোটি টাকার মধ্যে সরকারি অর্থায়ন ধরা হয়েছে ১ লাখ ৯০ হাজার কোটি টাকা। বাকি ১ লাখ ১০ হাজার কোটি টাকা আসবে বিদেশি ঋণ থেকে। চলতি অর্থবছরের মূল এডিপিতে সরকারি অর্থায়ন ১ লাখ ৪৪ হাজার কোটি এবং বিদেশি ঋণ ছিল ৮৬ হাজার কোটি টাকা।

৫ খাতে ৬২ শতাংশ বরাদ্দ : আগামী অর্থবছরের উন্নয়ন বাজেটে পরিবহণ ও যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ ও জ্বালানি এবং গৃহায়ন ও কমিউনিটি সুবিধাবলি-এ পাঁচ খাতে ৬২ দশমিক ০৯ শতাংশ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে পরিবহণ ও যোগাযোগ খাতে সর্বোচ্চ ৫০ হাজার ৯২ কোটি ৫৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা এডিপির মোট আকারের ১৬ দশমিক ৭০ শতাংশ। শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৪৭ হাজার ৫৯১ কোটি ১২ লাখ টাকা বা ১৫ দশমিক ৮৬ শতাংশ অর্থ। স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৩৫ হাজার ৫৩৫ কোটি ৫০ লাখ টাকা বা ১১ দশমিক ৮৪ শতাংশ। বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৩২ হাজার ৬৯১ কোটি ৭২ লাখ টাকা বা ১০ দশমিক ৯০ শতাংশ এবং গৃহায়ন ও কমিউনিটি সুবিধাবলি খাতে ২০ হাজার ৩৬১ কোটি ৭২ লাখ টাকা বা এডিপির ৬ দশমিক ৭৯ শতাংশ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

শীর্ষ বরাদ্দপ্রাপ্ত ১০ মন্ত্রণালয় : এডিপিতে বরাবরের মতো সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে স্থানীয় সরকার বিভাগ। ২০২৬-২৭ অর্থবছরের এডিপিতে বরাদ্দ পেয়েছে ৩৩ হাজার ৭৩৫ কোটি ১০ লাখ টাকা, যা মোট বরাদ্দের ১১ দশমিক ২৫ শতাংশ। দ্বিতীয় অবস্থানে থাকা সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ পেয়েছে ৩০ হাজার ৭৪১ কোটি ৩৬ লাখ টাকা বা ১০ দশমিক ২৫ শতাংশ অর্থ। স্বাস্থ্য সেবা বিভাগ পেয়েছে ৮ দশমিক ৯৪ শতাংশ বা ২৬ হাজার ৮০৬ কোটি ২৬ লাখ টাকা। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ পেয়েছে ২০ হাজার ৮৩৫ কোটি ৪৩ লাখ টাকা বা ৬ দশমিক ৯৫ শতাংশ, প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ পেয়েছে ১৯ হাজার ৪৪০ কোটি ৫৮ লাখ টাকা বা ৬ দশমিক ৪৮ শতাংশ। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ১৭ হাজার ৪০৩ কোটি ৭৪ লাখ, বিদ্যুৎ বিভাগ ১৪ হাজার ৯৩৮ কোটি ৬৬ লাখ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগ ৮ হাজার ২২০ কোটি ৮৫ লাখ, নৌপরিবহণ মন্ত্রণালয় ৮ হাজার ২০৬ কোটি ৫৩ লাখ এবং পানিসম্পদ মন্ত্রণালয় বরাদ্দ পেয়েছে ৭ হাজার ৮৩২ কোটি ৮০ লাখ টাকা।

বরাদ্দ পাচ্ছে ১১২১ প্রকল্প : ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১ হাজার ১২১টি প্রকল্প নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বিনিয়োগ ও সমীক্ষা প্রকল্প রয়েছে ৯৭১টি। এসব প্রকল্পের বিপরীতে বরাদ্দ রাখা হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৯১৪ কোটি ৬২ লাখ টাকা। কারিগরি সহায়তা প্রকল্প রাখা হয়েছে ১০৭টি। এগুলোর জন্য বরাদ্দ ২ হাজাার ৭৯৬ কোটি ২৭ লাখ টাকা। এছাড়া সংস্থার নিজস্ব অর্থায়নে বাস্তবায়নের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৪৩টি প্রকল্প। যেগুলোয় বরাদ্দ ৮ হাজার ৯২৪ কোটি টাকা।