Image description

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের মধ্যে টর্চলাইট জ্বালিয়ে দুই ঘণ্টা ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে।

সংঘর্ষটি রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার নতুন হাবলি পশ্চিম ও পূর্ব পাড়ার লোকজনের মধ্যে ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে সরাইলের নতুন হাবলি পশ্চিম পাড়া গ্রামের বোরহান উদ্দিন বিকাশে টাকা পাঠানোর জন্য পূর্ব পাড়ার সুরজাহান বেগমের মুদি দোকানে যান। টাকা পাঠাতে দেরি হওয়ায় বোরহানের সঙ্গে সুরজাহানের কথা কাটাকাটি হয়। এর জের ধরে রবিবার সন্ধ্যায় বোরহানের পক্ষের লোকজন সুরজাহানের ছেলে শিহাব উদ্দিনকে মারধর করেন। পরে তারা সুরজাহানের ভাই শিপনকেও মারধর করেন।

নতুন হাবলি পশ্চিম পাড়া ও পূর্ব পাড়ার মধ্যে বিরোধের সঙ্গে যোগ দেন দক্ষিণ আড়িফাইল গ্রামের লোকজন। উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত টর্চলাইট জ্বালিয়ে টানা দুই ঘণ্টা সংঘর্ষ চলে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে সরাইল থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।