Image description

বর্তমান বৈশ্বিক সংকট মোকাবিলায় জ্বালানি সাশ্রয় ও সরকারি ব্যয় কমাতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে প্রথম দিনে ৭০৭টি মামলা শুনানি ও ১৭৭টি নিষ্পত্তি হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক সংকট মোকাবিলায় জ্বালানি সাশ্রয় ও সরকারি ব্যয় কমাতে সরকারের পক্ষ থেকে সরকারি ও বেসরকারি অফিসের সময়সূচি পরিবর্তন করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অফিসের সময়কাল সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়। পাশাপাশি সরকারি গাড়িতে মাসিক ভিত্তিতে বরাদ্দ জ্বালানির ব্যবহার, সরকারি কার্যালয়ে সব ধরনের জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস ব্যবহার ৩০ শতাংশ কমানোর সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়া, গত ৫ মার্চ বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ১১ দফা নির্দেশনা জারি করা হয়।  

উক্ত প্রেক্ষাপটে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের অফিসের সময়সূচি পরিবর্তন করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাইকোর্ট বিভাগ সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এবং আপিল বিভাগ সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়। একইসঙ্গে বাংলাদেশ সুপ্রিম কোর্টে ব্যবহৃত সরকারি গাড়িতে মাসিক ভিত্তিতে বরাদ্দ করা জ্বালানির ব্যবহার ৩০ শতাংশ কমানোর নির্দেশ প্রদান করা হয়েছে। তাছাড়া, আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ এবং সুপ্রিম কোর্টের জারি করা প্র্যাকটিস নির্দেশনা অনুসরণ করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সপ্তাহের প্রতি বুধবার ও বৃহস্পতিবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগে (চেম্বার জজ আদালতসহ) তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভার্চুয়াল উপস্থিতিতে আদালত পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সুপ্রিম কোর্টের উভয় বিভাগে (চেম্বার জজ আদালতসহ) ভার্চুয়াল উপস্থিতিতে শুনানিযোগ্য মামলার দৈনন্দিন কার্যতালিকা এবং ভার্চুয়াল (মিটিং) আইডি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। বুধবার তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতিতে শুনানির মাধ্যমে আপিল বিভাগে (চেম্বার জজ আদালতসহ) ৯৫টি মামলা শুনানি ও ২১টি মামলা নিষ্পত্তি হয়েছে এবং হাইকোর্ট বিভাগে ৬১২টি মামলা শুনানি ও ১৫৬টি মামলা নিষ্পত্তি হয়েছে। উভয় বিভাগে সর্বমোট ৭০৭টি মামলা শুনানি ও ১৭৭টি মামলা নিষ্পত্তি হয়েছে।