দেশে অস্বাস্থ্যকর অতি-প্রক্রিয়াজাত খাবারের দিকে ঝুঁকছে মানুষ। খাবারের সঙ্গে যাচ্ছে অতিরিক্ত চিনি, লবণ, স্যাচুরেটেড ফ্যাটসহ বিভিন্ন উপাদান। এর ফলে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, কিডনির রোগসহ বিভিন্ন অসংক্রামক রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। তাই সচেতনতা তৈরিতে খাদ্যপণ্যের প্যাকেটের সামনের অংশে সতর্কবার্তা বা ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং (এফওপিএল) ব্যবস্থার প্রচলনে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।
গতকাল ‘বাংলাদেশে ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং (এফওপিএল) : প্রয়োজনীয়তা, অগ্রগতি ও করণীয়’ শীর্ষক কর্মশালায় এ বিষয়ে আলোচনা করেন বক্তারা। রাজধানীর বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ভবনে গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই)-এর সহযোগিতায় প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় বক্তব্য দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব, ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথের অ্যাসোসিয়েট সায়েন্টিস্ট আবু আহমেদ শামীম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রোগ্রাম অফিসার (ডায়েট রিলেটেড রিস্ক ফ্যাক্টর) সামিনা ইসরাত, জিএইচএআইয়ের বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মাদ রূহুল কুদ্দুস, ঢাকা ট্রিবিউন সম্পাদক রিয়াজ আহমদ এবং প্রজ্ঞার নির্বাহী পরিচালক এ বি এম জুবায়ের। কর্মশালায় জানানো হয়, দেশে ৯৭ শতাংশ মানুষ সপ্তাহে অন্তত একবার প্যাকেটজাত খাবার গ্রহণ করে। তবে প্যাকেটের পেছনে থাকা জটিল পুষ্টি তথ্য অধিকাংশ ভোক্তা বুঝতে পারেন না। অতি-প্রক্রিয়াজাত খাবারের প্যাকেটের সামনের অংশে স্পষ্ট সতর্কবার্তা (এফওপিএল) চালু হলে ভোক্তা এ ব্যাপারে সচেতন হবে। বিশ্বে ইতোমধ্যে ৪৪টি দেশ এফওপিএল চালু করেছে, যার মধ্যে ১০টিতে এফওপিএল বাধ্যতামূলক।
এসব দেশে ভোক্তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও অস্বাস্থ্যকর খাবার গ্রহণ হ্রাস পেয়েছে। কর্মশালায় অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব বলেন, ‘প্রক্রিয়াজাত খাবার সম্পর্কে ভোক্তাদের সচেতন করতে সরকার ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং ব্যবস্থা প্রচলনের উদ্যোগ গ্রহণ করেছে। আশা করি দ্রুতই এটি বাস্তবায়ন করা সম্ভব হবে।’ আবু আহমেদ শামীম বলেন, ‘অসংক্রামক রোগের ঝুঁকি হ্রাসে অতি-প্রক্রিয়াজাত খাদ্যে নির্ভরতা কমানো জরুরি। ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং ব্যবস্থা ভোক্তাকে স্বাস্থ্যকর খাবার বেছে নিতে সহায়তা করে থাকে।’ সামিনা ইসরাত বলেন, ‘একজন মানুষের প্রতিদিন ৬ গ্রামের কম চিনি গ্রহণ করতে হবে, ফ্যাট ৫০-৬০ গ্রাম এবং লবণ গ্রহণ করতে হবে ৫ গ্রামের কম। কিন্তু অতিরিক্ত চিনি, লবণ, স্যাচুরেটেড ফ্যাট গ্রহণের ফলে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দেশে প্রতি বছর ২৬ হাজার মানুষের মৃত্যু হচ্ছে। দেশের ৪৯ শতাংশ শিশু প্রসেস খাবার খাচ্ছে। তাই মানুষের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং (এফওপিএল) প্রবর্তন বাংলাদেশে বিদ্যমান জাতীয় স্বাস্থ্য ও পুষ্টি নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।’ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অসংক্রামক রোগের ঝুঁকি ও অকাল মৃত্যুর অন্যতম প্রধান কারণ।