Image description
এমডি নেই এক বছর

ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ছাড়াই চলছে দেশের বেসরকারি খাতের অন্যতম আর্থিক প্রতিষ্ঠান কমিউনিটি ব্যাংক। ব্যাংকটিতে গত বছরের এপ্রিলে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নেন কিমিয়া সাদাত। পরে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তার নিয়োগ পাওয়ার কথা থাকলেও এক বছর ধরে ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের পাশাপাশি ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন তিনি।

ব্যাংক সূত্রে জানা যায়, পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দেওয়া হবে—এমন চুক্তিতেই আরেক বেসরকারি মেঘনা ব্যাংক থেকে নিয়ে আসা হয়েছিল কিমিয়া সাদাতকে। তখন তাকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদের পাশাপাশি ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব দেয় ব্যাংক কর্তৃপক্ষ। আর পূর্ণাঙ্গ এমডি পদের জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন চেয়ে আবেদন করা হয়। তবে বিপত্তি বাধে বাংলাদেশ ব্যাংকের নিয়মের কড়াকড়ির কারণে। বাংলাদেশ ব্যাংক ওই বছরের ২৬ নভেম্বর এমডি নিয়োগের নিয়মে কড়াকড়ি আরোপ করে। আগে এমডি হওয়ার জন্য পূর্ববর্তী পদে শুধু দুই বছরের অভিজ্ঞতা থাকলেই হতো। কিন্তু নভেম্বরে বাংলাদেশ ব্যাংক করা নতুন নিয়মে বলা হয়, ব্যাংকের এমডি হতে গেলে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) এবং উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে সমন্বিতভাবে বা পৃথকভাবে মোট তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এতেই আটকে যায় কিমিয়া সাদাতের এমডি পদের অনুমোদন। দুই ব্যাংকে তার কাজের অভিজ্ঞতা মিলিয়েও পূরণ হয়নি বাংলাদেশ ব্যাংকের শর্ত।

গত বছরের এপ্রিলে ভারপ্রাপ্ত হিসেবে নিয়োগ পাওয়ার পর এরই মধ্যে কেটে গেছে এক বছর। কিন্তু এ সময়ের মধ্যে ব্যাংক কর্তৃপক্ষ নতুন কোনো এমডি নিয়োগ দেয়নি। আবার বর্তমান ভারপ্রাপ্ত এমডিও পূর্ণাঙ্গ এমডি হতে পারেননি। সবমিলিয়ে ব্যাংকটি বেআইনিভাবে চলছে এখন ভারপ্রাপ্ত এমডি দিয়েই।

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে প্রতিষ্ঠিত দেশের ৫৯তম বাণিজ্যিক ব্যাংক। ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর এ আর্থিক প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয়। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করেন। ব্যাংকটি গ্রাহকদের আধুনিক ব্যাংকিং, এটিএম এবং ‘কমিউনিটি ক্যাশ’ অ্যাপের মাধ্যমে অনলাইন সেবা প্রদান করে। বর্তমানে ব্যাংকটি ১৮টি শাখা, পাঁচটি উপশাখা ও প্রায় ২০০টি এটিএম/সিআরএমের মাধ্যমে সারা দেশে ব্যাংকিং সেবা প্রদান করছে।

ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকে এমডি পদটি একটি গুরুত্বপূর্ণ পদ। দীর্ঘদিন একটি ব্যাংকে পূর্ণাঙ্গ এমডি না থাকা সেই ব্যাংকের আর্থিক ভিত্তি নিয়ে প্রশ্ন দেখা দেয়। এ ছাড়া দৈনন্দিন কার্যক্রমেও নানা প্রতিবন্ধকতা তৈরি হয়। দেশে ব্যাংক খাতে অভিজ্ঞ কর্মকর্তা থাকা সত্ত্বেও কেন নতুন এমডি নিয়োগ দিচ্ছে না ব্যাংকটির কর্তৃপক্ষ, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। দীর্ঘদিন এমডি ছাড়া ব্যাংক পরিচালনা করায় ব্যাংকটির অভ্যন্তরে অসন্তোষ দেখা দিয়েছে বলেও বিভিন্ন সূত্রে জানা যায়।

বাংলাদেশে বিদ্যমান ব্যাংকিং প্রবিধান অনুযায়ী, একটি ব্যাংক সর্বোচ্চ ৩ মাস পর্যন্ত পূর্ণকালীন এমডি বা ব্যবস্থাপনা পরিচালক ছাড়া চলতে পারে। এর বেশি সময় এমডি পদটি শূন্য রাখা যায় না। ব্যাংকের এমডি পদ শূন্য হওয়ার পর সর্বোচ্চ ৯০ দিন বা ৩ মাসের মধ্যে নতুন এমডি নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। তবে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে এ সময় বাড়ানো যায়।

ফিন্যান্স কোম্পানি অ্যাক্ট ২০২৩ অনুসারে, কোনো আর্থিক প্রতিষ্ঠান শীর্ষ পদ টানা তিন মাসের বেশি খালি রাখতে পারবে না। এর বেশি হলে কেন্দ্রীয় ব্যাংক ওই প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ দিতে পারে। এ তিন মাস ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য পর্ষদ একজন অভিজ্ঞ কর্মকর্তাকে (সাধারণত ডিএমডি বা এএমডি পর্যায়ের) চলতি দায়িত্ব প্রদান করতে পারে।