Image description
হাইকমিশনারের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ইতিবাচক মানসিকতা থাকলে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি নতুন ও সুদৃঢ় সম্পর্ক গড়ে তোলা সম্ভব। সোমবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।

বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন প্রণয় ভার্মা। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির জানিয়েছেন, বৈঠকে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি ছাড়াও দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান এ সময় দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার ওপরও গুরুত্ব দেন। জবাবে ভারতের হাইকমিশনার জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে আগ্রহী ভারত। বৈঠকে শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে হুমায়ূন কবির বলেন, শেখ হাসিনা বাংলাদেশে রাজনৈতিকভাবে মরে গেছেন। তার আওয়ামী লীগ বলতে বাংলাদেশে এখন আর কিছু নেই। তবে বৈঠকে শেখ হাসিনাকে নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি জানিয়ে দেশের স্বার্থ-সংশ্লিষ্ট সব বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

হুমায়ূন কবির আরও জানান, ইন্ডিয়ান ওশ্যান সামিটে অংশ নিতে মরিশাস যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। যাত্রাপথে তিনি মঙ্গলবার ভারতে শুভেচ্ছা সফরও করবেন।

ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সাক্ষাতে ইইউভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূত ও কূটনীতিকরাও উপস্থিত ছিলেন। সাক্ষাতে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এছাড়া বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।