Image description

মালদ্বীপের একটি প্রবালদ্বীপের পানির নিচের গুহায় নিখোঁজ চার ইতালীয় ডুবুরির মরদেহের সন্ধান পাওয়া গেছে। নিখোঁজ হওয়ার চার দিন পর বিশেষ উদ্ধার অভিযানের মাধ্যমে তাদের অবস্থান নিশ্চিত করা হয়।

মালদ্বীপ সরকারের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ফিনল্যান্ডের তিনজন বিশেষজ্ঞ ডুবুরি, মালদ্বীপ পুলিশ এবং সামরিক বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ দল গুহার গভীর অংশে মরদেহগুলো খুঁজে পায়।

সরকারি মুখপাত্র আহমেদ শাম বলেন, ধারণা করা হচ্ছে মরদেহগুলো গুহার তৃতীয় স্তরের গভীরতম অংশে পাওয়া গেছে। সেখানে চারজনের মরদেহ পাশাপাশি অবস্থায় ছিল।

তিনি আরও জানান, উদ্ধার কাজ ধাপে ধাপে চলছে। মঙ্গলবার দুটি এবং পরদিন বাকি দুটি মরদেহ উদ্ধারের পরিকল্পনা রয়েছে।

এর আগে গুহার বাইরে আরও একজন ইতালীয় নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়, যিনি একজন ডাইভিং প্রশিক্ষক ছিলেন।

ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পাঁচজন ডুবুরি ভাভু অ্যাটলের একটি পানির নিচের গুহায় প্রায় ৫০ মিটার গভীরে ডাইভিংয়ে নামেন। তবে মালদ্বীপে বিনোদনমূলক ডাইভিংয়ের অনুমোদিত গভীরতা সর্বোচ্চ ৩০ মিটার।

উদ্ধার অভিযানের সময় মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের এক সদস্য ডিকমপ্রেশনজনিত অসুস্থতায় মারা যান, যার পর অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।

পরবর্তীতে গভীর সমুদ্র ও গুহা ডাইভিংয়ে অভিজ্ঞ তিন ফিনিশ বিশেষজ্ঞ দল মালদ্বীপে পৌঁছে পুনরায় উদ্ধার অভিযান শুরু করে।

খারাপ আবহাওয়া ও জটিল গুহা কাঠামোর কারণে উদ্ধার কার্যক্রম বারবার ব্যাহত হয়। তবে প্রবেশপথ চিহ্নিত করার পর ধীরে ধীরে অনুসন্ধান এগিয়ে যায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, ডুবুরিদের মৃত্যুর সঠিক কারণ এখনো তদন্তাধীন রয়েছে।