Image description
দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসের ওপর থেকে গাছের ডাল সরাতে কাজ করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছ

রাজধানীর গুলশানে তীব্র ঝড়ের মধ্যে একটি মাইক্রোবাসের ওপর গাছের ডাল ভেঙে পড়ে। এতে গাড়ির ভেতর আটকা পড়েন চার সাংবাদিক ও চালক। পরে ট্রাফিক পুলিশের দ্রুত তৎপরতায় নিরাপদে তাদের উদ্ধার করা হয়।

সোমবার (১৮ মে) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে গুলশান-১ নম্বর চত্বরের দক্ষিণ সিগন্যাল এলাকায় এ ঘটনা ঘটে।

গুলশান ট্রাফিক পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মেহেদী হাসান জানান, রাতে ডিউটিরত অবস্থায় আকস্মিক তীব্র ঝড় শুরু হয়। এ সময় একটি মাইক্রোবাসের ওপর বড় আকারের গাছের ডাল ভেঙে পড়ে। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে আটকে যায়। একইসঙ্গে একটি হাইভোল্টেজ বৈদ্যুতিক তার ছিঁড়ে সড়কে পড়ে। এতে পুরো এলাকায় জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকির সৃষ্টি হয়।

তিনি জানান, পরিস্থিতি বেগতিক দেখে সেখানে দায়িত্বরত ট্রাফিক সদস্য ও সার্জেন্ট ওয়াদুদ তাৎক্ষণিকভাবে উদ্ধার কার্যক্রম শুরু করেন। একইসঙ্গে তারা ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা কর্মী এবং বিদ্যুৎ সংযোগের ঝুঁকি মোকাবিলায় ডেসকো কর্তৃপক্ষকে জরুরি ভিত্তিতে অবহিত করেন।

উদ্ধার হওয়া ব্যক্তিরা দৈনিক দিনকাল পত্রিকার প্রতিনিধি বলে জানা গেছে। ঝড় এবং চারপাশের পরিস্থিতিতে তারা গাড়ির ভেতরেই চরম আতঙ্কিত হয়ে পড়েছিলেন।

উদ্ধার পাওয়ার পর ট্রাফিক পুলিশের সহায়তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন সাংবাদিকরা। তারা বলেন, পুলিশ সদস্যরা যদি দ্রুত জীবনের ঝুঁকি নিয়ে এগিয়ে না আসতেন, তবে বিদ্যুতের তার ও ঝড়ের কবলে পড়ে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত।