Image description

২০২৩ সালে এক নারীকে ধর্ষণের অভিযোগে বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন মরক্কো জাতীয় ফুটবল দলের অধিনায়ক ও পিএসজি তারকা আশরাফ হাকিমি। ফ্রান্সের একটি আপিল আদালত হাকিমির করা আপিল আবেদন খারিজ করে দিয়ে তাকে ফৌজদারি আদালতে বিচারের মুখোমুখি করার সিদ্ধান্ত বহাল রেখেছেন। তবে শুরু থেকেই নিজের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে আসছেন এই তারকা ডিফেন্ডার।

 

চলতি ২০২৬ ফিফা বিশ্বকাপে মরক্কো দলের নেতৃত্ব দিচ্ছেন হাকিমি। গত রোববার (১৪ জুন) ব্রাজিলের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার পর আজ শুক্রবার (১৯ জুন) স্কটল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন তিনি। এর মাঝেই ফরাসি সংবাদমাধ্যমগুলো জানায়, ভার্সাইয়ের আপিল আদালত হাকিমির করা আপিল আবেদনটি নাকচ করে দিয়েছে। এর ফলে ভবিষ্যতে যেকোনো সময় ফৌজদারি আদালতে তার এই মামলার বিচারপ্রক্রিয়া শুরু হওয়ার পথ সুগম হলো।

আদালতের এই সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) একটি আবেগঘন পোস্ট দিয়েছেন আশরাফ হাকিমি। সেখানে তিনি লিখেছেন, আজ আমার পরিবার, আমার জীবন এবং সর্বোপরি সত্যকে পাশ কাটিয়ে এমন এক গল্প ছড়ানো হচ্ছে যা মোটেও আমার নয়। মাঝে মাঝে আমার মনে হয় আমি খুব সহজ একটা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছি।

বিচারপ্রক্রিয়াকে স্বাগত জানিয়ে তিনি আরও যোগ করেন, আমি প্রথম দিন থেকেই এই বিচারপ্রক্রিয়ার জন্য অপেক্ষা করছিলাম। অবশেষে আমি নিজের বক্তব্য তুলে ধরার সুযোগ পাব।

 

২০২৩ সালের মার্চ মাসে প্যারিসের এক শহরতলীতে হাকিমির নিজস্ব বাসভবনে ২৪ বছর বয়সি এক তরুণী তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন। সেই অভিযোগের ভিত্তিতেই প্যারিসের নান্টেরে প্রসিকিউটরের কার্যালয় তদন্ত শুরু করে এবং তার বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ গঠন করা হয়। বিশ্বসেরা রাইট-ব্যাকদের একজন হিসেবে পরিচিত হাকিমি অবশ্য শুরু থেকেই দাবি করে আসছেন তিনি নির্দোষ।

মামলার বিচারকার্য ঠিক কবে থেকে শুরু হবে সে বিষয়ে এখনও সুনির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি। বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে এই বিষয়ে জানতে ভার্সাইয়ের আপিল আদালত এবং হাকিমির আইনজীবীর সাথে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: আল-জাজিরা।