Image description

রাজধানীর মিরপুর-৬ এলাকায় পূর্বনির্ধারিত একটি কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার আগেই ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেনের কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত ৯ জন আহত হয়েছেন।

 

শুক্রবার (১৯ জুন) রাতে মিরপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে এ অভিযোগ তোলেন জামায়াতে ইসলামী-সমর্থিত সংসদ সদস্য কর্নেল আব্দুল বাতেন।

 

সংসদ সদস্য বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে তার ও তার কর্মী-সমর্থকদের ওপর ধারাবাহিকভাবে হামলার ঘটনা ঘটছে।

 

 

ঘটনার বর্ণনা দিয়ে তিনি জানান, শুক্রবার মিরপুরের একটি মসজিদে আয়োজিত সামাজিক অনুষ্ঠানে তার অংশগ্রহণের কথা ছিল। তবে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে পুলিশ তাকে সেখানে যেতে নিষেধ করে। পরে তার অনুপস্থিতিতে অনুষ্ঠানস্থলে থাকা কর্মী-সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটে।

 

আব্দুল বাতেন আরও অভিযোগ করে বলেন, এ সময় রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো কার্যকর ব্যবস্থা নেননি। পুলিশের এই ভূমিকা তিনি ‘প্রশ্নবিদ্ধ’ বলে মন্তব্য করেন।

 

ভোট-পরবর্তী সময় থেকে চলমান উত্তেজনা ও বারবার হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।