Image description

রাজধানীর গুলশানে ভারতীয় দূতাবাস অভিমুখে বাংলাদেশ আজাদ পার্টির মশাল মিছিল আটকে দিয়েছে পুলিশ। গুলশান-১ এর নাভানা টাওয়ার শপিং কমপ্লেক্সের সামনে তাদেরকে ব্যারিকেট দিয়ে রাখা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করছে তারা।

 

শুক্রবার (১৯ জুন) রাতে রাজধানীর মহাখালীর আমতলী এলাকা থেকে আজাদ পার্টির নেতৃত্বে একটি মশাল মিছিল বের করা হয়। ভারতীয় দূতাবাসের দিকে অগ্রসর হওয়ার সময় গুলশান-১ গোলচত্বরে মিছিলের গতি রোধ করে পুলিশ। পরে সেখানে অবস্থান নিয়ে বক্তব্য রাখছেন নেতারা।

 

জাগপার নেতা রাশেদ প্রধান বলেন, অখণ্ড ভারত হবে না। সেই উত্তর আমরা ৪৭, ৭১ ও ২৪-এ দিয়েছি। বাংলাদেশের অখণ্ডতা নিয়ে যারা খেলবে, তাদের উচিত জবাব দেওয়া হবে। রংপুর বিভাগ নিয়ে যদি ষড়যন্ত্র হয়, তাহলে ভারতের সেভেন সিস্টার বিচ্ছিন্ন করে দেওয়া হবে। সেভেন সিস্টার আর থাকবে না।

 

তিনি আরও বলেন, তারা ভারতে পালিয়েছে। আপনারাও সাবধান হন। বাংলাদেশের আনাচে-কানাচে ভারতীয় দালালদের চিহ্নিত করুন। সবার বিচার হবে প্রকাশ্যে।

ডাকসু নেতা এবি জুবায়ের বলেন, আমরা দল-মত নির্বিশেষে বাংলাদেশের পক্ষে থাকব। তারা অবৈধভাবে পুশইন করছে। সরকরকে আহ্বান জানাব, আরও শক্তিশালী সাহসিকতাপূর্ণ বাহিনী গড়ে তোলার জন্য। আমাদের কোনো প্রভু নেই। আমরা সবার সঙ্গে চোখ রেখে কথা বলব।

 

সমাবেশে উপস্থিত আছেন আজাদ পার্টির সভাপতি লেফটেন্যান্ট কর্নেল (অব.) হাসিনুর রহমান, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ, ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির, সাবেক মেজর আখতারুজ্জামানসহ একাধিক সংগঠনের নেতাকর্মীরা।